নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপনজারি করে।

জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মনিরুল ইসলামের বিরুদ্ধে নড়াইল সদর থানার একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ কারণে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩খ(১) ধারা অনুসারে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের মার্চে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় মনিরুলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে সদর থানার পুলিশ। এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন।

চলতি বছরের ১০ জানুয়ারি নড়াইলে একটি গাড়ি পোড়ানোর ঘটনায় করা মামলায়ও তাঁকে আসামি করা হয়।