নড়াইলে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে গতকাল সোমবার রানা মোল্যা (২৫) নামের এক তরুণকে খুন করেছে দুর্বৃত্তরা। এ সময় হাশেম শেখ (৪০) নামের আরেক ব্যক্তিকে কুপিয়ে জখম করে তারা। হাশেমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও পুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এনামুল হক ও নাজমুল মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নাজমুল মোল্যার সমর্থকেরা এনামুল হকের সমর্থক বখতিয়ার মোল্যার বাড়িতে হামলা চালায়। এ সময় বখতিয়ার মোল্যার ছেলে রানা মোল্যাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর তারা হাশেমকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় হাশেমকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কথা বলতে নাজমুল মোল্যার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বাড়ির নারীরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।