নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
নড়াইল সদর উপজেলার চারটি গ্রামের বাসিন্দাদের মধ্যে গত বৃহস্পতিবার সকালে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহসিন সিকদার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এ সময় ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
নিহত মহসিন সিকদার সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) লিয়াকত হোসেনের ভাই।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলছে। একটি পক্ষের নেতৃত্ব দেন বাসগ্রাম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ভদ্রবিলা ইউপি চেয়ারম্যার লিয়াকত সিকদার। অপর পক্ষের নেতৃত্ব দেন জেলা বাস মালিক সমিতির সভাপতি নাজমুল মোল্যা, নান্না মোল্যা, হীরক মোল্যা ও টিটু মোল্যা।
গত বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলমের পক্ষের সমর্থক আলজাবের মিয়ার বাক্প্রতিবন্ধী ছেলে পিন্টু মোল্যা নড়াইল-কালিয়া সড়কের রামসিধি চৌরাস্তা মোড়ের একটি দোকানে লাগানো পুরোনো পোস্টার ছিঁড়ে ফেলে। এ সময় নান্না মোল্যার ছেলে মেহেদীর সঙ্গে পিন্টুর হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক জাহাঙ্গীরের সমর্থক মতিয়ার রহমান বিষয়টি মীমাংসা করেন।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে বাসগ্রামে মতিয়ার রহমানের বাড়িতে কয়েকজন বৈঠক করছিলেন। এ সময় নান্না মোল্যা পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। বাসগ্রাম ও ভদ্রবিলা এবং কালিয়া উপজেলার চাতুরী ইউনিয়ন পাশাপাশি হওয়ায় কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে মহসিন সিকদার পাশের কলিমন বাসগ্রামের ফোরকান মোল্যার বাড়ির কাছে পৌঁছালে তাঁকে কুপিয়ে জখম করা হয়। সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গুরুতর আহত ইকবাল বিশ্বাস, মতিয়ার রহমান ও আমজেদ মোল্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইব্রাহিম মোল্যা, জামশেদ মোল্যা, বাচ্চু মোল্যা, খাজা মোল্যাসহ অন্যদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন ভাইয়ের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকসহ উপযুক্ত শাস্তির দাবি করেন। তিনি দাবি করেন, ‘নাজমুল ও নান্না মোল্যার লোকজন আমার ভাইকে কুপিয়ে খুন করে।’ নাজমুল মোল্যা ও নান্না মোল্যা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সুপার মো. আবদুল কাদের বলেন, অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করায় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত।