নড়াইলে দুই সাংবাদিককে পেটালেন কনস্টেবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে এক পুলিশ সদস্য দুই সাংবাদিককে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার শিল্পকলা একাডেমীতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আহত সাংবাদিকেরা হলেন যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আল আমিন ও চ্যানেল নাইনের প্রতিনিধি ইমরান হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে কবি বাঙ্গাল আবু সাঈদের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।
সন্ধ্যায় সংবাদ সংগ্রহের জন্য ওই দুই সাংবাদিক হলরুমে ঢুকতে যান। এ সময় সেখানে সাদাপোশাকের কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সাদাপোশাকে থাকা পুলিশ সদস্য (কনস্টেবল) মো. শোয়েবের সঙ্গে ওই দুই সাংবাদিকের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই পুলিশ সদস্য দুজনকে এলোপাতাড়ি মারধর করেন।
পরে অন্য সাংবাদিকেরা তাঁদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। আল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইমরান হোসেনকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, শোয়েবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।