নড়াইলে নির্বিচারে কচ্ছপ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অমান্য করে নড়াইলের বিভিন্ন মুক্ত জলাশয় থেকে নির্বিচারে কচ্ছপ নিধন করা হচ্ছে। একশ্রেণির শিকারি এ প্রাণীগুলো ধরে শহর ও শহরতলির বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছে।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার মুলিয়া, শেখহাটি, কলোড়া, বিছালী, তুলারামপুর ও মাইজপাড়া; লোহাগড়া উপজেলার লোহাগড়া, এঁড়েন্দা, দিঘলিয়া ও বড়দিয়া; কালিয়া উপজেলার যোগানিয়া, হামিদপুর ও কালিয়া হাটে প্রকাশ্যে কচ্ছপ বেচাকেনা হচ্ছে।
মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামের সঞ্জীব বিশ্বাস জানান, অগ্রহায়ণ থেকে বৈশাখ মাস পর্যন্ত কচ্ছপ শিকারের মৌসুম। এ সময় খাল-বিলে পানি কমে যাওয়ায় কচ্ছপ ধরা পড়ে বেশি। কচ্ছপ শিকারের জন্য একশ্রেণির পেশাজীবীও রয়েছেন।
লোহাগড়ার রায় গ্রামের সুনীল বিশ্বাস বলেন, এক থেকে তিন ফুট পানির নিচ থেকে সড়কি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কচ্ছপ শিকার করা হয়। তিনি বলেন, উপজেলার নলদী, কুমড়ী ও মিঠাপুর বিল থেকে কচ্ছপ শিকার করা হয় বেশি। আকারভেদে এখানকার হাট-বাজারগুলোতে কচ্ছপ বিক্রি হয় ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা কেজি দরে।
কচ্ছপবিক্রেতা দীনেশ জানান, বংশপরম্পরায় তারা বিভিন্ন হাটে কচ্ছপ বিক্রি করে আসছেন। দাম তুলনামূলক বেশি হওয়ায় লাভও বেশি।
জানতে চাইলে স্থানীয় পরিবেশবিদ কাজী হাফিজ বলেন, কচ্ছপ শিকার ও বিক্রয় দীর্ঘদিন ধরে চলে এলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়ে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। এতে একদিকে যেমন জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে, তেমনি বিলুপ্ত হয়ে যাচ্ছে এ প্রজাতি।
জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (সহকারী কমিশনার) মো. জাকির হোসেন বলেন, ‘কচ্ছপ নিধন আইনত নিষিদ্ধ। আমরা জানতে পেরেছি, একশ্রেণির শিকারি ও ব্যবসায়ী বিভিন্ন জলাশয় থেকে কচ্ছপ ধরে হাট-বাজারে বিক্রি করছেন। কচ্ছপ নিধন বন্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’