নড়াইলে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামে তু্চ্ছ ঘটনাকে কেন্দ্র করে লতিফ মোল্লা নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। গতকাল সোমবার ভোরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী হাশেম মোল্লা বলেন, সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের সেতুর ওপর দাঁড়ানো নিয়ে লতিফ মোল্লার (৩৫) সঙ্গে রোববার বিকেলে প্রতিবেশী মনিরুল, আনারুল ও আমজাদ মোল্লার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা লতিফকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে নড়াইল সদর হাসপাতালে এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।
লাশ উদ্ধার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের একটি আখখেত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, এলাকার বাইরে থেকে কাউকে ধরে এনে দুর্বৃত্তরা খুন করেছে।