নড়াইলে স্ত্রীকে জবাই করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে আজিরোন নেছা (৪৫) নামের এক নারীকে জবাই করে হত্যা করেছেন তাঁর স্বামী বিল্লাল শেখ। সদর উপজেলার সড়াতলা গ্রামে আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজিরোন নেছার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর স্বামী পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় একাধিক লোকের সঙ্গে কথা বলে জানা যায়, সড়াতলা গ্রামের বিল্লাল শেখের স্ত্রী আজিরোন নেছার নামে ১২ শতক জমি ছিল। বিল্লাল শেখ সেই জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য স্ত্রীকে প্রায়ই চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে আজ ভোর রাতে সেহেরির পর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লাল শেখ দা দিয়ে আজিরোন নেছাকে জবাই করে পালিয়ে যান।
পরে খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।