নড়াইলে ২০ দিনে ২৪ বাড়িতে চুরি-ডাকাতি
নড়াইল শহর ও শহরতলিতে চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। গত ২০ দিনে প্রায় ২৪টি বাড়িতে চুরি-ডাকাতি হয়েছে। সরকারি, আধা-সরকারি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরাও এ থেকে রেহাই পাচ্ছেন না।
গত সোমবার ভোররাতে পৌরসভার মহিষখোলার বাসিন্দা ও সাংবাদিক (এনটিভি) মুনির চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। মুনির চৌধুরী বলেন, সাত থেকে আটজনের একটি ডাকাত দল জানালার গ্রিল ভেঙে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শহরের বাসিন্দা ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ব্যাপারে একাধিকবার উত্থাপিত হলেও পুলিশের কোনো তৎপরতা নেই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহম্মদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের ভূমিকা উদ্বেগজনক।
সদর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, চুরি-ডাকাতি বন্ধে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সোমবার বিকেলে নড়াইল-মাগুরা সীমান্তবর্তী গড়েরহাট এলাকা থেকে মিঠু শেখ (২৪) নামের এক তরুণকে আটক করা হয়েছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী যশোরের ফজলুর রহমানের কম্পিউটার দোকান থেকে ল্যাপটপ, প্রজেক্টরসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।