নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া খালপাড় এলাকায় গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রকিব শেখ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রকিব আন্তজেলা ডাকাত দলের সরদার ছিলেন।
একই রাতে যশোরের বাঘারপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু ইছা নামে বিএনপির এক নেতা এবং সাতক্ষীরার তালা উপজেলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
লোহাগড়া (নড়াইল): লোহাগড়া থানা সূত্রে জানা গেছে, উপপরিদর্শক (এসআই) মিহির কান্তি পালের নেতৃত্বে পুলিশের একটি টহল দল রাত দুইটার দিকে দিঘলিয়া খালপাড়ে পৌঁছালে পুলিশের গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বুকে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রকিবকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পিস্তলের তিনটি গুলি, একটি গুলির খোসা ও পাঁচটি দা উদ্ধার করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার জানান, রকিবের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। রকিব উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মোকলেচ শেখের ছেলে।
যশোর: পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত তিনটার দিকে বাঘারপাড়া-খাজুরা সড়কের তেলি ধান্যখোলা এলাকার একটি ইটের ভাটায় একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশের টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা বোমা ও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আবু ইছাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আবু ইছা রায়পুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের নেছার উদ্দিনের ছেলে। তাঁর ভাগনে ইমরান হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল পুলিশ বাড়ি থেকে আবু ইছাকে ধরে নিয়ে যায়।’
অভিযোগ অস্বীকার করে যশোর খ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, আবু ইছার বিরুদ্ধে বাঘারপাড়াসহ বিভিন্ন থানায় নাশকতা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।
সাতক্ষীরা: জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এসআই কামাল হোসেন জানান, শুক্রবার রাতে তালা থানার এসআই রইচউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার খেশরা ইউনিয়নের তেঘরিয়ায় যাচ্ছিল। রাত দেড়টার দিকে তেঘরিয়া মোড়ে সন্ত্রাসীদের একটি দল পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে এএসআই বাদশা মণ্ডল আহত হন। পুলিশের পাল্টা গুলিতে সঞ্জিত অধিকারী গুলিবিদ্ধ হন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।