নড়াইলের 'জল্লাদ' ওহাব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের ‘জল্লাদ’ নামে কুখ্যাত আবদুল ওহাব (৮০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি স্বাধীনতাকামী মানুষদের জবাই করে হত্যা করতেন বলে অভিযোগ রয়েছে। নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ফুলশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানার ওসি সুভাষ বিশ্বাস জানান, ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় বিএনপি নেতৃত্বাধীন জোটের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ১২ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা কয়েক শ জনকে আসামি করে মামলা করে। ওই মামলায় আবদুল ওহাবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মুক্তিযুদ্ধকালীন সদর উপজেলা মুজিব বাহিনীর কমান্ডার শরীফ হুমায়ুন কবীর জানান, ওহাব স্বাধীনতাকামী মানুষদের নড়াইল জজকোর্ট-সংলগ্ন চিত্রা নদীর লঞ্চঘাটের পন্টুনে নিয়ে জবাই করে লাশ নদীতে ফেলে দিতেন।