নড়িয়ায় কুৎসা রটানোয় স্কুলছাত্রীর আত্মহত্যা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভুমখারা গ্রামে গত বৃহস্পতিবার তানজুম আক্তার নামের দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করা এবং কুৎসা রটানোয় ওই ছাত্রী আত্মহত্যা করে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তানজুম আক্তার (১৭) ওই গ্রামের আবদুল্লাহ খালাসির মেয়ে ও চাকধ উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল। মেয়েটি সপ্তম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী কুদ্দুস হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৫) তাকে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে এলাকায় কয়েকবার সালিসও হয়। একপর্যায়ে বড় হলে মেয়েটিকে রুবেলের কাছে বিয়ে দেওয়া হবে—এমন প্রতিশ্রুতি দেয় তানজুমের পরিবার। তখন থেকে মেয়েটির সঙ্গে রুবেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রুবেলের মা-বাবা ও এক ভাই ইতালিতে থাকায় রুবেলও পরে সেখানে চলে যান। এখানে রুবেলের এক ভাই, এক বোন ও দাদি থাকেন। কয়েক বছর থেকে রুবেল বছরের ছয় মাস দেশে এবং ছয় মাস ইতালিতে বসবাস শুরু করেন। সম্প্রতি রুবেল দেশে ফিরে তানজুমকে জানান, তাঁর পরিবার এ বিয়েতে রাজি নয়। এ কারণে তিনি তানজুমকে বিয়ে করবেন না। এরপর পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য রুবেলকে চাপ দিলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা তানজুমের নামে গ্রামে কুৎসা রটাতে শুরু করেন। এ অপমান সইতে না পেরে মেয়েটি বৃহস্পতিবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তানজুমের মা শাহানাজ বেগম বলেন, ‘রুবেল অনেক দিন থেকে আমার মেয়েকে উত্ত্যক্ত করত। নানা ভয়ভীতি দেখাত। মেয়ের নিরাপত্তার কথা ভেবে বিয়ে দিতে রাজি হয়েছিলাম। অথচ রুবেল বিয়ে ভেঙে দেওয়ার জন্য আমার মেয়ের নামে গ্রামে কুৎসা রটাতে থাকে। ক্ষোভে, দুঃখে ও অপমানে মেয়েটি আত্মহত্যা করেছে। আমি রুবেল ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঘটনার পর রুবেল ও তাঁর পরিবারের সদস্যরা ঘরে তালা লাগিয়ে গ্রাম থেকে চলে গেছেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম গতকাল শুক্রবার দুপুরে জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। থানায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।