কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কমিটির পক্ষে-বিপক্ষে কয়েক দিন ধরে মিছিল-সমাবেশ হচ্ছে। একই ঘটনায় দুই পক্ষের মধ্যে গত শুক্রবার সংঘর্ষ এবং দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর ধরে বাজিতপুর উপজেলা বিএনপি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। এ অবস্থায় কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ২৪ ফেব্রুয়ারি জেলা বিএনপির সহসভাপতি শেখ মজিবুর রহমানকে সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পর থেকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান খান, বাজিত পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, কাইয়ুম খান, আবু বক্কর সিদ্দিক, শাহ আলম ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ কমিটির বিপক্ষে অবস্থান নেয়। পক্ষটি নবগঠিত কমিটিকে জেলা কমিটির পকেট কমিটি হিসেবে আখ্যা দেয়। এই অবস্থায় তারা কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে।
এর অংশ হিসেবে শুক্রবার সকালে ওই পক্ষের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়-সংলগ্ন এলাকা থেকে কমিটি বাতিলের দাবিতে ঝাড়ুমিছিল বের করেন।
একই দিন বিকেলে বাজিতপুর পৌর শহরের রেজু মার্কেট এলাকা থেকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে আরেক পক্ষ। শহরের বাঁশমহল অতিক্রম করার সময় প্রতিপক্ষের নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা চালান। এতে সংঘর্ষ বেধে যায় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হন। পরে কমিটির পক্ষের লোকজন দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। দলীয় কার্যালয়টি দীর্ঘদিন ধরে কমিটির বিপক্ষের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রয়েছে।
কমিটির বিপক্ষের নেতা কাইয়ুম খান বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ইউনিয়নের নির্বাচনের আগে কোনো কমিটি না করার। এই অবস্থায় নেত্রীর নির্দেশ অমান্য করে জেলা নেতৃবৃন্দ মনগড়া কমিটি গঠন করায় উত্তেজনা দেখা দিয়েছে।’
আরেক বিক্ষুব্ধ নেতা শাহ আলম বলেন, ‘কমিটিতে দলের ত্যাগী ও গুরুত্বপূর্ণ নেতাদের স্থান হয়নি। আর কমিটি করা হয়েছে ঘরে বসে। এ ক্ষেত্রে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে এই কমিটি মেনে নিতে পারছি না।’
অভিযোগ সম্পর্কে নবগঠিত কমিটির সভাপতি শেখ মজিবুর রহমান বলেন, ‘দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ আমাদের মিছিলের ওপর হামলা চালায়। তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলার সময় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে।’
তৃণমূলের মতামত উপেক্ষা করে পকেট কমিটি গঠন করার অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বলেন, ‘স্থান না পেলে কমিটি হয়ে যায় পকেট কমিটি—এমন অভিযোগ এখন আমাদের রাজনীতির সংস্কৃতি হয়ে গেছে।’