নতুন কমিটি বাতিল না হলে গণপদত্যাগের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রঘোষিত নতুন জেলা ও মহানগর কমিটি বাতিল করে দ্রুত সম্মেলন প্রস্তুত কমিটি গঠনের দাবি জানিয়েছে রাজশাহী বিএনপি রক্ষা কমিটি। দাবি মানা না হলে গণপদত্যাগ করা হবে বলে হুমকি দিয়েছে তারা। গতকাল বুধবার দুপুর ১২টায় রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

গত ২৭ ডিসেম্বর নগর বিএনপির সভাপতির পদ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে বাদ দিয়ে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলায় কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম মোস্তফাকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন তপুকে। নগর কমিটিতে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন এই পদে আছেন। জেলায় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মন্টুকে।

কমিটি ঘোষণার পরের দিন ২৮ ডিসেম্বর রাতে বিএনপির একাংশের নেতা-কর্মীরা দলের মহানগর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ১ জানুয়ারি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নজরুল হুদাকে আহ্বায়ক ও বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টুকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তারা নতুন কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিএনপি রক্ষা কমিটির সদস্যসচিব সাইদুর রহমান পিন্টু। লিখিত বক্তব্যে বলা হয়, শুধু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অনুগত ও পৃষ্ঠপোষক হওয়ায় ওই নেতাদের মহানগর ও জেলা পর্যায়ের নেতৃত্বে আনা হয়েছে। বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁদের মাঠে থাকার কোনো নজির নেই। এ নিয়ে তৃণমূলে ব্যাপক ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে। বর্তমান মহানগর ও জেলা কমিটির অধিকাংশ নেতা বিতর্কিত, কর্মী বিচ্ছিন্ন ও বিএনপির রাজনীতিতে অপরিচিত মুখ। এই কমিটি ঘোষণার ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলীয় স্বার্থ বিবেচনায় সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

রাজশাহী বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক নজরুল হুদার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরিফ ও সাধারণ সম্পাদক আবদুল মতিন, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী ও সাধারণ সম্পাদক নাজমুল হক, রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মনির হোসেন, নুরুজ্জামান টিটো, বেলাল আহম্মেদ, মুসলিমা বেগম বেলী প্রমুখ।