নতুন কারাগারে পুরোনো বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের নতুন কারাগারে কাচের দেয়ালের কারণে বন্দীদের কথা শুনতে পারেন না আগত দর্শনার্থীরা। কোলাহলপূর্ণ পরিবেশে ছিদ্রের ভেতর দিয়ে একজনের কথা আরেকজনের কানে ভালো করে পৌঁছায় না। ছবিটি গতকাল সকালের l প্রথম আলো
কেরানীগঞ্জের নতুন কারাগারে কাচের দেয়ালের কারণে বন্দীদের কথা শুনতে পারেন না আগত দর্শনার্থীরা। কোলাহলপূর্ণ পরিবেশে ছিদ্রের ভেতর দিয়ে একজনের কথা আরেকজনের কানে ভালো করে পৌঁছায় না। ছবিটি গতকাল সকালের l প্রথম আলো

দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নতুন ভবনের দূরত্ব আধা কিলোমিটারের মতো। মাঝখানে ঝোপঝাড়ে ভরা বিশাল মাঠ। আর এই মাঠে চলছে কারারক্ষীদের অবৈধ বাণিজ্য।
বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা লোকজনের অভিযোগ, একজন বন্দীর সঙ্গে দেখা করার জন্য এক হাজার থেকে তিন হাজার টাকা ঘুষ দিতে হয় কারারক্ষীদের।
এদিকে বেশ কয়েকজন সাক্ষাৎপ্রার্থী অভিযোগ করেন, দর্শনার্থী কেন্দ্রের ভেতর বন্দীদের সঙ্গে কথা বলা যায় না। দর্শনার্থী রুমা বেগম বলেন, ‘আমি আমার বন্দী ভাই হারুনের সঙ্গে দেখা করতে যাই। কিন্তু মাঝখানে গ্লাস দেওয়া আছে। ছোট একটি ফুটো রয়েছে। কথা শোনা যায় না। আমার কথা আমিই শুনেছি। শুধু দেখেছি ভাইয়ের মুখটি।’
গত ৩০ জুলাই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব বন্দীকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নতুন কারাগারে নেওয়া হয়েছে। স্থানান্তরের দিন সকালে সাংবাদ ব্রিফিংয়ে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছিলেন, নাজিমউদ্দিন রোডে দীর্ঘদিন কারাগার থাকায় একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছিল। নতুন কারাগারে স্থানান্তর হলে সেই সিন্ডিকেট ভেঙে পড়বে। কিন্তু গতকাল সরেজমিনে দেখা গেল, নতুন কারাগারেও পুরোনো সিন্ডিকেট সক্রিয়।
গত বুধবার কারাগারের সামনে দেখা গেল, মূল সাক্ষাৎ কেন্দ্র থেকে পাঁচ শ গজ দূরে শামিয়ানা টানিয়ে অস্থায়ী ছাউনি করা হয়েছে। এখান থেকে বন্দীদের সঙ্গে সাক্ষাৎপ্রার্থীদের নাম-ঠিকানা লিখে তাঁদের কাছে রসিদ বিতরণের কাজ করছেন তিন কারারক্ষী। একটি টেবিলে বসে তাঁরা এই কাজ করছেন। এর সামনে রয়েছে কয়েক শ নারী-পুরুষের লম্বা লাইন। তবে ঠেলাঠেলিতে দুটি লাইন বেশির ভাগ সময় এক হয়ে যায়। নাম লেখানোর কাজ চলে ধীরগতিতে। এই ফাঁকে দালালেরা লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের সঙ্গে দেনদরবার করেন।
দেখা করতে আসা এক ব্যক্তি অভিযোগ করেন, কয়েক দিন আগেও পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে দালালদের অনেকেরই আনাগোনা ছিল। এখন তারা নতুন কারাগারে এসেছে। বন্দীদের সঙ্গে দেখা করার বিনিময়ে তারা চাচ্ছে এক হাজার থেকে চার হাজার টাকা ঘুষ। বন্দীদের অপরাধ বেশি হলে ঘুষের পরিমাণও বাড়ে। প্রস্তাবে রাজি হলে দালালেরা সাক্ষাৎপ্রার্থীদের নিয়ে যায় ক্যানটিনের পেছনে। সেখানেই টাকা লেনদেন হয়। এরপর সাক্ষাৎপ্রার্থীরা সরাসরি চলে যান দর্শনার্থী কেন্দ্রের ভেতরে।
এভাবে দুলাল নামের এক কারারক্ষীকে ক্যানটিনের পেছনে বেশ কয়েকজন সাক্ষাৎপ্রার্থীকে অর্থের বিনিময়ে রসিদ লিখে দিতে দেখা গেছে। দায়িত্ব ছেড়ে ক্যানটিনের সামনে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পরিচিত লোকেরা এসেছেন। তাঁদের সঙ্গে দেখা করতে এসেছি।’ এরপর তিনি দ্রুত কারাগারের ভেতরে চলে যান।
রাজধানীর বাসাবো কালীবাড়ি এলাকা থেকে আসা মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ের স্বামী মাদকের মামলার আসামি হিসেবে বন্দী। সকাল ১০টায় এসে নাম লেখানোর জন্য লাইনে দাঁড়াই। কয়েকজন লোক এসে জানান, এক হাজার টাকা দিলে দ্রুত সাক্ষাতের ব্যবস্থা করবেন। শেষ পর্যন্ত ৫০০ টাকা দিয়ে সাক্ষাৎ করি।’
মিরপুর ১১ নম্বর সেকশন থেকে আসা আমেনা বেগম বলেন, তাঁর ছেলে হাসান মিয়াকে এক মাস আগে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। সকাল নয়টার দিকে কারাগারের সামনে আসেন তিনি। বেলা দেড়টা পর্যন্ত দাঁড়িয়েও নাম লেখাতে পারেননি। দুজন লোক ৫০০ টাকায় সাক্ষাৎ করানোর কথা বলেছিলেন। তিনি ২০০ টাকা দিতে চাইলেন। তাঁরা রাজি হননি।
জানতে চাইলে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ইকবাল হাসান বলেন, ‘আমরা কোনো অনিয়মের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নতুন কারাগারে কোনো অবস্থাতেই সিন্ডিকেট গড়তে দেওয়া হবে না।’