নতুন গ্রেপ্তার নেই, দুই জেলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় হিন্দু মঠপ্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায় হত্যার ঘটনায় গতকাল বুধবার আর কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। পুলিশ দাবি করেছে, তদন্ত অনেক দূর এগিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন দেবীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁও শহরে।
যজ্ঞেশ্বর রায় হত্যায় গত মঙ্গলবার হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলায় গ্রেপ্তার হওয়া তিনজনকে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে পুলিশ দাবি করলেও তা প্রকাশ করেনি।
দেবীগঞ্জের সোনাপাতা এলাকার শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে রোববার সকালে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাদের গুলিতে মঠের সাধু গোপাল চন্দ্র রায় গুলিবিদ্ধ হন। রংপুর মেডিকেল থেকে গত মঙ্গলবার চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাঁকে।
আজ বৃহস্পতিবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কাল শুক্রবার মানববন্ধনসহ নানা কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। পরিষদের জেলা শাখার সভাপতি অর্জুন কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র রায় এ কথা জানান।
মানববন্ধন: মঠপ্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে হত্যা ও সাধু গোপাল চন্দ্র রায়কে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন দেবীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসের সামনে বেলা সাড়ে ১১টায় ঘণ্টাব্যাপী হয় এ কর্মসূচি।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, এ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায়। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।