নতুন বই বিতরণ না করায় সেই শিক্ষককে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বামন চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সেশন ফি না দেওয়ায় তিন শতাধিক শিক্ষার্থীকে তিনি নতুন বই দেননি বলে অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে তাঁকে ওই নোটিশ দেওয়া হয়েছে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামান গতকাল সোমবার মো. শাহজাহান শেখকে এ নোটিশ দিয়েছেন। তাঁকে আগামী সাত কর্মদিবসের মধ্যে ওই নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো. কামরুল মিয়া ৮ জানুয়ারি ইউএনও বরাবর বই বিতরণ বন্ধের কথা উল্লেখ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ইউএনও মো. সহিদুজ্জামান উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেন। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ইউএনও ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন।

মো. শাহজাহান শেখ কারণ দর্শানোর নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এ নিয়ে ৯ জানুয়ারি প্রথম আলোর বিশাল বাংলার পৃষ্ঠা-৯-এ ‘ফি না দেওয়ায় বই পায়নি ৩০০ শিক্ষার্থী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।