নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ এবং নতুন বই দিতে বাড়তি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা নেওয়া হচ্ছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দপ্তরির বেতন দিতেই এ টাকা নেওয়া হয়েছে।
একাধিক অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল এবং নতুন শ্রেণির বই বিতরণ বাবদ মাথাপিছু ৫০ টাকা নেওয়া হয়। ইচ্ছার বিরুদ্ধে অভিভাবকেরা এই টাকা দিতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত টাকা নেওয়া বন্ধে পৌর কাউন্সিলর আমিন আল মামুন অনেক চেষ্টা করেও ব্যর্থ হন বলে অভিভাবকেরা জানান।
তবে বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করলেও এর কারণ ভিন্ন বলে দাবি করেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ২১টি বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের প্রক্রিয়া স্থগিত রয়েছে। এর মধ্যে তারাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। তাই বিদ্যালয়ের ১০ জন শিক্ষক নিজেদের বেতন থেকে প্রতিমাসে ১০০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক নেওয়া টাকায় দপ্তরির বেতন দেওয়া হয়।
গোবিন্দনগর গ্রামের অভিভাবক আল আমিন অভিযোগ করেন, ‘আমার ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। গরিব বইলা সরকারি স্কুলে দিছি। কিন্তু প্রতি বচ্ছরই অতিরিক্ত টেকা দেওয়ন লাগে। এইবার টেহার লাইগা শিক্ষকেরা আমার ছেলেরে বই দেয় নাই। টেহা দেওয়ার পরে বই দিছে। এইডার একটা সমাধান হওয়ন দরকার।’
কাউন্সিলর আমিন আল মামুন বলেন, ‘বাড়তি টাকা নেওয়া বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়েছে। বিদ্যালয়টিতে আমার ওয়ার্ডের শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের অধিকাংশেরই পরিবার দিন আনে দিন খায়। বই ও ফলাফল পেতে বাড়তি টাকা দেওয়াটা ওদের জন্য কষ্টের। তাই প্রতিবাদ করেছি।’
প্রধান শিক্ষক বজলুর রহমান জানান, দপ্তরি ছাড়া তো এত বড় প্রতিষ্ঠান পরিষ্কার রাখা সম্ভব নয়। উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য দপ্তরি নিয়োগ স্থগিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকেই একজন রাখা হয়েছে। প্রতিমাসে শিক্ষকদের বেতন ও শিক্ষার্থীদের কাছ থেকে এককালীন টাকা তুলে তাঁর বেতন দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) রফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে আরও খোঁজখবর নেওয়া হবে।’