নতুন বিদ্যুৎ-সংযোগে কোটি টাকার 'মিটার-বাণিজ্য'
রংপুরের বদরগঞ্জে নতুন বিদ্যুৎ-সংযোগ প্রদানে মিটারপ্রতি অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংযোগ দিতে গ্রাহকদের কাছ থেকে মিটারপ্রতি অতিরিক্ত ৭ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। তিন হাজার সংযোগে গ্রাহকদের কাছ থেকে ইতিমধ্যে কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
১০ জন বিদ্যুৎ-মিস্ত্রির (ইলেকট্রিশিয়ান) যোগসাজশে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শওকত হোসেন ও ওয়্যারিং পরিদর্শক রাকিব হাসান এই ‘মিটার-বাণিজ্য’ করছেন বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল থেকে উপজেলায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুৎ-সংযোগ দেওয়া শুরু হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ১৫০ জন গ্রাহককে বৈদ্যুতিক মিটারসহ ওই সংযোগ দেওয়া হয়েছে। সংযোগ নিতে ওই কার্যালয়ে অন্তত ১৫ হাজার গ্রাহক আবেদন করেন। আবেদনের সঙ্গে জমা নেওয়া হয় গ্রাহকের ছবি, ১০০ টাকা ও জমির কাগজপত্র। বিধি অনুযায়ী, ওয়্যারিং পরিদর্শক সরেজমিনে গ্রাহকের আবেদন যাচাই করেন। এরপর বিদ্যুৎ-মিস্ত্রির মাধ্যমে বাসার অভ্যন্তরীণ ওয়্যারিং করার জন্য চিঠি দেওয়া হয়। ওয়্যারিং করার পর মিটারপ্রতি জামানত ৬০০ টাকা ও পল্লী বিদ্যুতের নতুন গ্রাহকসদস্য ফি ২০ টাকা জমা দিতে হয়।
কিন্তু গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ কার্যালয় থেকে মনোনীত ১০ জন বিদ্যুৎ-মিস্ত্রিকে দিয়ে গ্রাহকদের বাসাবাড়িতে ওয়্যারিং করা হচ্ছে। এ সুযোগে তাঁরা প্রতিটি ওয়্যারিংয়ে দুই থেকে তিন হাজার টাকা করে নিচ্ছেন। ডিজিএম শওকত হোসেন ও ওয়্যারিং পরিদর্শক রাকিব হাসানের সঙ্গে যোগসাজশ করে বিদ্যুৎ-মিস্ত্রিরা মিটারপ্রতি অতিরিক্ত টাকা নিচ্ছেন।
গ্রাহক জাবের আলী, শরিফুল ইসলামসহ পাঁচজন গত ১৪ আগস্ট রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) বরাবর ওই দুই বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এতে উল্লেখ করা হয়, অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে গ্রাহকদের নতুন মিটার দেওয়া হচ্ছে। এপ্রিল পর্যন্ত দুই হাজার নতুন সংযোগে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অন্তত দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক সংযোগ গ্রাহকদের বিনা মূল্যে দেওয়া হয়। সেখানে টাকা নেওয়া অবৈধ। তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভাগের মনোনীত কোনো ইলেকট্রিশিয়ান নেই। গ্রাহকেরা যেকোনো ইলেকট্রিশিয়ানকে দিয়ে বাসাবাড়ি ওয়্যারিং করাতে পারেন।
উপজেলার উত্তর মুকসুদপুর গ্রামে ১৫ জুলাই বাড়িতে নতুন সংযোগ নিয়েছেন শাহানুর ইসলাম, ময়নুল ইসলাম, হাফিজা বেগম, নাজিম উদ্দিন, ফরিদুল হক, শরিফুল ইসলাম, আবদুল মালেক, আবু হায়াত ও রহিদুল হক। তাঁরা অভিযোগ করেন, তাঁরা সংযোগ নিতে ১০০ টাকা এক বছর আগে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে জমা দিলেও কাগজপত্র কার্যালয় থেকে হারিয়ে যায়। পরে ডিজিএম ও ওয়্যারিং পরিদর্শক তাঁদের তালিকাভুক্ত বিদ্যুৎ-মিস্ত্রিদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তাঁরা বিদ্যুৎ-মিস্ত্রি চিত্তরঞ্জন রায়ের সঙ্গে কথা বললে তিনি মিটারপ্রতি ১০ হাজার করে নয়টি মিটারে ৯০ হাজার টাকা দাবি করেন। শেষ পর্যন্ত ৬৩ হাজার টাকায় রফা হয়। এরপর ওয়্যারিং পরিদর্শক রাকিবুল হাসান ওই গ্রাহকদের বাড়ি পরিদর্শনে যান। পরে নয়টি সংযোগে ৫৫৫ ফুট বৈদ্যুতিক তারের জন্য ১৭৮৬৩৪ ও ১৭৮৬৩৩ নম্বর রসিদে আরও ৭ হাজার ১৫৫ টাকা বিদ্যুৎ কার্যালয়ে জমা নেন। কিন্তু বিদ্যুতের তার তাঁরা দেননি। ফেরত দেননি টাকাও। বাধ্য হয়ে গ্রাহকেরা বাজার থেকে বৈদ্যুতিক তার কিনে বাড়িতে সংযোগ নেন।
পৌরসভার মুন্সিপাড়া গ্রামের এমদাদুল হক অভিযোগ করেন, ‘৭ হাজার ৫০০ টাকা দিয়ে মিটার পাওয়ার পর বাজার থেকে বৈদ্যুতিক তার কিনে সংযোগ নিতে চেয়েছিলাম। কিন্তু ডিজিএম রাজি না হওয়ায় পরে তারের টাকা কার্যালয়ে জমা দিই। কিন্তু শেষ পর্যন্ত কার্যালয় থেকে আমাকে বৈদ্যুতিক তার সরবরাহ করা হয়নি। পুনরায় বাজার থেকে তার কিনে দেওয়ার পরেই সংযোগ পেয়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুতের চারজন কর্মচারী বলেন, জামানতসহ অন্যান্য ফি জমার পরে কাস্টমার মিটার ডেলিভারি অর্ডার (সিএমও) দেওয়া হয়। কিন্তু এই সিএমওর কাগজ মাসের পর মাস ওই ডিজিএম ও পরিদর্শক অবৈধভাবে আটকে রাখেন। এরপর বিদ্যুৎ-মিস্ত্রিদের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৭ থেকে ১৫ হাজার টাকা নিয়ে নতুন বৈদ্যুতিক মিটার প্রদান করেন।
অভিযোগ অস্বীকার করে ডিজিএম শওকত হোসেন বলেন, ‘ইলেকট্রিশিয়ানরা মিটার দেওয়ার নামে অতিরিক্ত টাকা নেয়, এমন কথা আমিও শুনেছি। কিন্তু আমি কোনো টাকা নিই না। নিয়মানুযায়ী ১০ জন ইলেকট্রিশিয়ানকে আমরা মনোনীত করেছি।’ তবে বৈদ্যুতিক সংযোগ ও তারের টাকা জমা নিয়েও বরাদ্দ না পাওয়ায় কিছু গ্রাহককে সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন তিনি।
অভিযোগ প্রসঙ্গে ওয়্যারিং পরিদর্শক রাকিব হাসান বলেন, ‘সব মিথ্যা। আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি।’ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, গ্রাহকদের কাছ থেকে কোনো অভিযোগ তিনি পাননি।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেন, নতুন সংযোগ প্রদানে অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।