
রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বাউনিয়া বাঁধ নতুন রাস্তার এক পাশে গড়ে উঠেছে অবৈধ ট্রাক-পিকআপস্ট্যান্ড, অন্য পাশে রিকশা-গাড়ি মেরামতের দোকান। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
মিরপুর ১১ নম্বর সেকশনের কালশী মোড় থেকে বাউনিয়া বাঁধ এলাকায় প্রবেশের রাস্তাটি বাউনিয়া বাঁধ নতুন রাস্তা নামে পরিচিত। গত রোববার সরেজমিনে দেখা যায়, রাস্তার এক পাশজুড়ে সারি সারি ট্রাক-পিকআপ রাখা। কয়েক শ মিটার দূরের লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড পর্যন্ত এমন ট্রাক-পিকআপের সারি চোখে পড়ে।
ট্রাক-পিকআপ রাখার জায়গায় কাদাপানি জমে আছে। প্রায় ৬০ ফুট প্রস্থের রাস্তার অনেকখানি জায়গাজুড়ে একাধিক সারিতে এসব ট্রাক-পিকআপ রাখা হয়েছে। রাস্তার এপাশে নেই কোনো ফুটপাত। এমনভাবে ট্রাক-পিকআপ রাখা হয়েছে যে সাধারণের চলাচলের কোনো উপায় নেই।
কালশী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রবেশমুখের দুই পাশেও ট্রাক রাখা। ট্রাকের কারণে বিদ্যালয়ের প্রবেশমুখ প্রায় ঢাকা পড়ে গেছে। বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক নাসির আহমেদ বলেন, ‘কালশী রাস্তাটি সংস্কার হওয়ার পরে ভেবেছিলাম, এখান থেকে ট্রাকগুলো সরানো হবে। কিন্তু সরল না। আবাসিক এলাকায় কীভাবে ট্রাকস্ট্যান্ড থাকে, বুঝি না। বাচ্চাদের স্কুলে যাতায়াতে কষ্ট হচ্ছে।’
ট্রাকস্ট্যান্ডের পাশে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের শাখা কার্যালয়। ট্রাকচালক ইউনিয়নের কেন্দ্রীয় দপ্তরের সাধারণ সম্পাদক আহমদ আলী বলেন, ‘ট্রাকস্ট্যান্ড অনুমোদিত না। কিন্তু ঢাকার ভেতরে জরুরি পরিবহনে এসব যানবাহন দরকার। আমরা সরকারের কাছে স্থায়ী জায়গার জন্য আবেদন করেছি। স্থায়ী ব্যবস্থা হলে আমরা সরে যাব।’
বাউনিয়া বাঁধ নতুন রাস্তার আরেক পাশে গড়ে উঠেছে গাড়ি ও রিকশা মেরামতের দোকান। রাস্তার ওপরে সারি করে রিকশা ও গাড়ি রেখে চলছে মেরামতের কাজ। রাস্তার ওপরেই বাতাস দেওয়ার যন্ত্র দিয়ে রিকশা-গাড়ির চাকায় হাওয়া দেওয়া হচ্ছে। বাউনিয়া বাঁধ কলার আড়ত থেকে লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড পর্যন্ত গাড়ি-রিকশা মেরামতের এমন অন্তত ২৫-৩০টি দোকান আছে।
রিকশা মেরামতের দোকানি হাকিম আলী বলেন, ‘রাস্তা তো অনেক বড়। আমরা আর কতটুকু জায়গা নিছি। ট্রাক-আলারাই তো বেশি জায়গা নিয়া রাখছে।’
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাউনিয়া বাঁধের আশপাশে গড়ে ওঠা বস্তি এলাকায় রয়েছে অসংখ্য রিকশা গ্যারেজ। রাস্তার ওপরে গড়ে ওঠা দোকানগুলোতে এসব রিকশা মেরামত করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত এসব মেরামতের দোকানে রিকশার ভিড় থাকে।
রাস্তার এ পাশে ফুটপাত আছে, কিন্তু সেখানেও গড়ে উঠেছে দোকানপাট। চা-পানের দোকান, রিকশার যন্ত্রপাতি বিক্রির দোকান। চায়ের দোকানগুলোর বসার বেঞ্চ পাতা হয়েছে ফুটপাতে। রিকশা মেরামতের সামগ্রী ও ফলের আড়তের সামগ্রীও রাখা হয়েছে ফুটপাতের ওপরে।
এলাকার বাসিন্দা শফিকুর রহমান বলেন, ‘বাঁধের এই রাস্তাটা পাশে অনেক বড়। কিন্তু দুই দিকের এই জঞ্জালে রাস্তাটা ছোট বানায়া রাখছে। দেখলে মনে হয়, দয়া করে মাঝখান দিয়ে জনগণরে চলার জন্য একটু জায়গা দিছে।’
বাউনিয়া বাঁধ এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের অন্তর্ভুক্ত। ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম বলেন, ‘রাস্তার ওপরে ট্রাকস্ট্যান্ড, দোকান তোলার অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। গত সপ্তাহেই অবৈধ দখলদারদের তালিকা করে সম্পত্তি বিভাগে পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’