নতুন রুট হিসেবে দক্ষিণ এশিয়ার দিকে নজর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে গত জুনের শুরুতে জব্দ করা ভোজ্যতেলের আড়ালে তরল কোকেনের চালানটির গন্তব্য ছিল ভারত। বলিভিয়া থেকে আসা চালানটি উরুগুয়ের মন্টিভিডিও থেকে জাহাজীকরণ করা হয়। পরে তা সিঙ্গাপুর হয়ে এ বন্দরে আসে।
১০৭ ড্রাম সূর্যমুখী তেলের আড়ালে আসা এ চালানকে এশিয়ার বৃহত্তম কোকেন চালান হিসেবে বলা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, এতে ৬০ থেকে ১০০ কিলোগ্রাম পর্যন্ত কোকেন মিশ্রিত থাকতে পারে। সাম্প্রতিকতম নানা লক্ষণ দেখে মনে হয়, মাদক চোরাচালান চক্র তাদের বাণিজ্যে ক্রমেই দক্ষিণ এশিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে। এ অঞ্চলের অন্যতম রুট হয়ে উঠেছে বাংলাদেশ।
গতকাল রোববার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ১ কোটি ৪০ লাখ ডলার মূল্যের জব্দ করা ওই কোকেনের গন্তব্য ভারত ছিল কি না, তা পরিষ্কার নয়। এশিয়া–ইউরোপের বাজারের জন্য ভারতকে ট্রানজিট স্থল বানানো হচ্ছিল কি না, তাও পরিষ্কার নয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পুলিশ জানিয়েছে, চট্টগ্রামে ধরা পড়ার সময় চালানটি ভারতে পাঠানোর চেষ্টা করা হয়। দেশটির যেকোনো বন্দরই ছিল এর গন্তব্য।
সূত্র জানায়, ভারতে গত তিন মাসে আগের চেয়ে অপেক্ষাকৃত বড় ধরনের পরিশোধিত কোকেনের চালান ধরা পড়েছে। এসব চালান এসেছে মূলত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার চোরাচালান চক্রের মাধ্যমে। কিছু চালান গেছে নেপালের কাঠমান্ডুতে।
দক্ষিণ এশিয়া কোকেন চোরাচালানের নতুন ট্রানজিট হয়ে ওঠার পেছনে কারণ হলো, এ অঞ্চলের দুর্বল নিরাপত্তাব্যবস্থা। এ সুযোগের সদ্ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে নিজেদের পথ আড়াল করতে চাইছে চোরাচালান চক্র। বিশ্বের অন্য বাণিজ্যিক গোষ্ঠীর মতো মেক্সিকোর সিনালোয়া বা প্যাসিফিক কার্টেল—এ রকম গোষ্ঠীও এশিয়াকে বিকাশমান বাজার হিসেবে বিবেচনা করছে।
জাতিসংঘ বলছে, দক্ষিণ এশিয়া দিয়ে পাচার হওয়া কোকেনের অনেক চালানই ধরাছোঁয়ার বাইরে থাকছে বলে তারা মনে করে।
এই অঞ্চলে এখন পর্যন্ত মাদকবিরোধী সংস্থাগুলোর তৎপরতা হেরোইন ও সিনথেটিক মাদক এবং বিশেষত আফগানিস্তানকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে কোকেনের এই বিরাট চালান আটকের ঘটনায় তারাও বিস্মিত।