
পৌরসভার নবনির্বাচিত মেয়রদের মধ্যে ৪৩ জন বিভিন্ন মামলার আসামি। তাঁদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে হত্যা বা হত্যাচেষ্টা মামলা আছে। তবে মেয়রদের মধ্যে উচ্চশিক্ষিতের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। ১৫২ জন মেয়র পেশায় ব্যবসায়ী। তাঁদের মধ্যে ঠিকাদার ৩৩ জন। আর কোটিপতি মেয়র আছেন ৩৯ জন।
গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ২১৫ জন মেয়রকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে। তাঁদের মধ্যে ২০৭ জনের হলফনামা পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় অস্পষ্টতার কারণে সাতজন মেয়রের হলফনামার তথ্য পর্যালোচনা করা সম্ভব হয়নি।
হত্যা বা হত্যাচেষ্টা মামলার আসামি: আওয়ামী লীগ থেকে এবার ১৬১ জন মেয়র নির্বাচিত হয়েছেন। এই মেয়রদের মধ্যে নয়জনের নামে হত্যা বা হত্যাচেষ্টা মামলা আছে। তাঁদের মধ্যে মেজবাহ উদ্দিন (রামগতি), কাজী আশরাফুল আজম (শৈলকুপা), আসাদুল হক (কেন্দুয়া), আব্বাস আলী (কাটাখালী), জামিলুর রহমান (টাঙ্গাইল) ও ছালেক মিয়ার (শায়েস্তাগঞ্জ) নামে একটি করে হত্যা মামলা আছে। আর কাঁকনহাটের আবদুল মজিদ, চৌগাছার নুরউদ্দিন আল মামুন ও চালনার সনৎ কুমার বিশ্বাসের নামে হত্যাচেষ্টা মামলা আছে।
বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন ২০ জন মেয়র। তাঁদের মধ্যে নয়জনের বিরুদ্ধে হত্যা বা হত্যাচেষ্টার মামলা আছে। হবিগঞ্জের জি কে গউছের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা আছে। তিনি সাবেক অর্থমন্ত্রী এস এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আছেন। হত্যার চেষ্টা মামলা আছে নীলফামারীর জলঢাকার ফাহমিদ ফয়সল চৌধুরী, রাজশাহীর তানোরের মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের তারেক আহমেদ, দিনাজপুরের সৈয়দ জাহাঙ্গীর আলম, হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার সাবির আহমেদ চৌধুরী, ময়মনসিংহের ফুলপুরের আমিনুল হক এবং সাতক্ষীরার তাজকিন আহমদ ও কলারোয়ার আখতারুল ইসলাম বিরুদ্ধে।
স্বতন্ত্রভাবে নির্বাচিত মেয়রদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নজরুল ইসলামের (জামায়াত নেতা) নামে একটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা এবং পাবনার কামরুল হাসানের (বিএনপির বিদ্রোহী প্রার্থী) নামে একটি হত্যা মামলা আছে। বগুড়ার ধুনটের এ জি এম বাদশাহ (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ও নন্দীগ্রামের কামরুল হাসান সিদ্দিকী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) এবং মেহেরপুরের গাংনীর আশরাফুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) এক বা একাধিক হত্যাচেষ্টা মামলার আসামি।
অন্যান্য মামলা যাঁদের নামে: আওয়ামী লীগ থেকে নির্বাচিত ২১ জন মেয়রের বিরুদ্ধে বর্তমানে মামলা আছে। তাঁদের মধ্যে টাঙ্গাইলের জামিলুর রহমানের বিরুদ্ধে ১৬টি মামলা বিচারাধীন আছে। এসব মামলা হয়েছে ১৯৯৩ থেকে ২০১০ সালের মধ্যে। তিনি কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচন করেন। জামালপুরের দেওয়ানগঞ্জের শাহনেওয়াজ শাহানশাহর বিরুদ্ধে সাতটি মামলা চলছে। অতীতেও তাঁর বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলা ছিল। রাজশাহীর কাটাখালীর আব্বাস আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ পাঁচটি মামলা বিচারাধীন আছে। অতীতে তাঁর নামে ছয়টি মামলা ছিল। এ ছাড়া গাজীপুরের শ্রীপুরের আনিসুর রহমান, চট্টগ্রামের বারইয়ারহাটের নিজাম উদ্দিন, লক্ষ্মীপুরের রামগঞ্জের আবুল খায়ের পাটোয়ারী ও রামগতির মেছবাউদ্দিন, বরিশালের গৌরনদীর হারিছুর রহমান, চাঁদপুরের ফরিদগঞ্জের মাহফুজুল হক, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ছালেক মিয়া, যশোরের চৌগাছার নুরউদ্দিন আল মামুন, খুলনার চালনার সনৎ কুমার বিশ্বাস, নওগাঁর নজিপুরের রেজাউল কবির চৌধুরী, ঝিনাইদহের হরিণাকুণ্ডুর শাহিনুর রহমান ও শৈলকুপার কাজী আশরাফুল আজম, ময়মনসিংহের গফরগাঁওয়ের এস এম ইকবাল হোসেন, নেত্রকোনার কেন্দুয়ার আসাদুল হক ও মোহনগঞ্জের লতিফুর রহমান, টাঙ্গাইলের ধনবাড়ীর খন্দকার মনজুরুল ইসলাম এবং রাজশাহীর কাঁকনহাটের আবদুল মজিদ ও আড়ানীর মুক্তার আলীর বিরুদ্ধে এক বা একাধিক মামলা আছে।
আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়রদের ৭২ জন কখনোই মামলার আসামি ছিলেন না। আর ৬৬ জনের বিরুদ্ধে অতীতে এক বা একাধিক মামলা ছিল। এসব মামলা থেকে তাঁরা খালাস বা অব্যাহতি পেয়েছেন। কয়েকজনের মামলা সরকারি উদ্যোগে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামের রাউজানের দেবাশীষ পালিতের বিরুদ্ধে অতীতে হত্যা ও হত্যাচেষ্টাসহ ১২টি মামলা ছিল। তাঁর একটি মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ফেনীর দাগনভূঞার ওমর ফারুকের বিরুদ্ধে আগে ১০টি, খাগড়াছড়ির মাটিরাঙ্গার শামসুল হকের বিরুদ্ধে একটি হত্যাসহ নয়টি, নোয়াখালীর বসুরহাটের আবদুল কাদেরের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১২টি, ভোলার মনিরুজ্জামানের বিরুদ্ধে আটটি, মৌলভীবাজারের বড়লেখার আবুল ইমাম মো. কামরান চৌধুরীর বিরুদ্ধে সাতটি ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তাকজিল খলিফার বিরুদ্ধে সাতটি মামলা ছিল।
বিএনপির ২০ জনের মধ্যে ১৪ জনের নামে মোট ৩৫টি মামলা আছে। এসব মামলার বেশির ভাগই আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে হয়েছে। তাঁদের মধ্যে ময়মনসিংহের মুক্তাগাছার শহিদুল ইসলামের ছয়টি মামলা বিচারাধীন আছে। বগুড়ার গাবতলীর সাইফুল ইসলামের বিরুদ্ধে তিনটি মামলা চলমান। আগে তাঁর নামে ছিল নয়টি মামলা। চারজনের নামে বর্তমানে মামলা না থাকলেও অতীতে ছিল। হবিগঞ্জের চুনারুঘাটের মেয়র নাজিমউদ্দিনের বিরুদ্ধে মামলা নেই।
স্বতন্ত্র মেয়রদের মধ্যে নয়জনের বিরুদ্ধে বর্তমানে মামলা আছে। তাঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নজরুল ইসলামের বিরুদ্ধে বর্তমানে একটি হত্যা ও দুটি হত্যাচেষ্টাসহ মোট ১৭টি মামলা বিচারাধীন আছে। অতীতেও তাঁর নামে তিনটি মামলা ছিল। গাংনীর আশরাফুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টাসহ পাঁচটি মামলা চলমান। অতীতে তিনি ১৫টি মামলা থেকে অব্যাহতি বা খালাস পেয়েছেন। বর্তমানে না থাকলেও অতীতে মামলা ছিল তিনজনের নামে। আর ১২ জন মেয়রের নামে কোনো সময়েই মামলা ছিল না।
শিক্ষা: নির্বাচিত মেয়রদের মধ্যে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী আছেন ৮১ জন। সে হিসেবে মেয়রদের ৩৯ দশমিক ১৩ শতাংশ উচ্চশিক্ষিত। এ ছাড়া ৫৯ জন উচ্চমাধ্যমিক, ২৫ জন মাধ্যমিক (এসএসসি), ১৫ জন অষ্টম শ্রেণি পাস করেছেন। স্বশিক্ষিত, অক্ষরজ্ঞানসম্পন্ন ও প্রাথমিক স্তর পর্যন্ত পড়েছেন ২১ জন। বাকিরা হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য উল্লেখ করেননি।
কোটিপতি মেয়র: হলফনামায় দেওয়া তথ্যানুসারে, ৩৯ জন মেয়রের সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। তাঁদের মধ্যে আওয়ামী লীগের ৩০ জন, বিএনপির চারজন এবং স্বতন্ত্র পাঁচজন।
এই বিশ্লেষণের তথ্য জানিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, মামলার আসামি মেয়রদের সাজা না হওয়া পর্যন্ত কারও সম্পর্কে বিরূপ মন্তব্য করা যাবে না। আর মেয়রদের মধ্যে যাঁরা ঠিকাদার, তাঁরা তো এখন সরকারের সঙ্গে কোনো ব্যবসা করতে পারবেন না।
তোফায়েল আহমেদ বলেন, প্রার্থীরা হলফনামা জমা দিচ্ছেন, এটি আংশিক সফলতা। তবে এসব হলফনামা যাচাই করা না হলে তা জমা নেওয়া অর্থহীন হয়ে যাবে। জনপ্রতিনিধিরা সঠিক তথ্য দিয়েছেন, নাকি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তা জানার সুযোগ তৈরি করতে হবে। সেটা নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের করা উচিত।
এক নজরে
৪৩ জন বিভিন্ন মামলার আসামি
২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
১৫২ জন ব্যবসায়ী
৩৩ জন ঠিকাদার
৩৯ জন কোটিপতি
৮১ জন উচ্চশিক্ষিত
২১ জনের শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত