নদ খননের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে মামলা
শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ খননকাজে বাধা দেওয়া ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় এবং ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।
গতকাল সোমবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শেরপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে শেরপুর সদর থানায় খননকাজে বাধা দেওয়া ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামের চান মিয়ার ছেলে বাদশা মিয়াকে প্রধান আসামি করে ১৬৫ জনকে সুনির্দিষ্টভাবে এবং অজ্ঞাতনামা আরও দুই শ থেকে আড়াই শ লোককে আসামি করা হয়েছে।
সদর উপজেলার ডাকপাড়া গ্রামের মো. আবদুল হালিম বাদী হয়ে ঘটনার সময় তাঁর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে সদর থানায় আরও একটি মামলা দায়ের করেন। এই মামলায় বাদশা মিয়াসহ ৫৮ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, দুটি মামলাই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
পাউবো শেরপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল মান্নান বলেন, আজ সোমবার (গতকাল) সকালে ড্রেজারসহ (খননযন্ত্র) অন্যান্য সরঞ্জাম ব্রহ্মপুত্র নদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে নদের খননকাজ পুনরায় শুরু করা হবে। গত রোববার দুপুরে ডাকপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের খননকাজে বাধা দেন নদসংলগ্ন চরবাসী। এ সময় চরবাসীর হামলায় পাউবোর কর্মকর্তাসহ জেলা ও পুলিশ প্রশাসনের সাত কর্মকর্তা আহত হন।