নদ দখল করছেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলিগ্রাম স্কুলমোড়ে বারনই ন​েদর জায়গায় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের জন্য আরসিসি পিলার দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। ৮ জানুয়ারি তোলা ছবি l প্রথম আলো
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলিগ্রাম স্কুলমোড়ে বারনই ন​েদর জায়গায় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের জন্য আরসিসি পিলার দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। ৮ জানুয়ারি তোলা ছবি l প্রথম আলো

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলিগ্রাম ও তেমুখ এলাকায় বারনই নদ এবং পানাউল্লাহ খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা এসব স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
চলনবিল ও হালতি বিলের মাঝ দিয়ে গত বছর নির্মাণ করা হয়েছে শেরকোল-আত্রাই সড়ক। ওই সড়ক ধরে উত্তর-পশ্চিম দিকে যাওয়ার সময় চোখে পড়ে খাল-বিল-নদ দখলের নানা তৎপরতা। তেলিগ্রাম স্কুল মোড়ে গিয়ে দেখা যায়, বারনই নদের তীর দখল করে নির্মাণ করা হচ্ছে শেরকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পাকা কার্যালয়। আরসিসি পিলার দিয়ে প্রথম তলার ছাদ দেওয়া শেষ হয়েছে। নির্মাণকাজ এখনো শেষ হয়নি।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, এই কার্যালয় নির্মাণের নেতৃত্ব দিচ্ছেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
আবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পূর্ব পাশে নদ দখল করে নির্মাণ করা হচ্ছে মিজানুর রহমানের ব্যক্তিগত বাণিজ্যিক ভবন। নদের তলা থেকে নির্মাণশ্রমিকেরা তখন আরসিসি পিলার তৈরির কাজ করছিলেন। শ্রমিকদের সঙ্গে কথা বলতে বলতেই মিজানুর রহমান চলে আসেন। নদ দখল করে ভবন নির্মাণের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে নদী আগে সরু ছিল। এখন বড় হয়ে গেছে। তাই মনে হচ্ছে নদী দখল করে ভবন তৈরি করা হচ্ছে। প্রকৃতপক্ষে দলের কার্যালয় করা হচ্ছে তোরান আলী নামের এক কর্মীর দান করা তিন শতক জমির ওপর।’ এর সপক্ষে দলিলপত্র দেখতে চাইলে তিনি তাতে অপারগতা জানান। পরে আবার বলেন, ভবনের পেছনের কিছু অংশ নদে পড়তে পারে। তাঁর বাণিজ্যিক ভবনটি নদের জমিতে নির্মাণ করার কথা স্বীকার করে তিনি বলেন, এতে নদ ও সড়কের ক্ষতি হবে না; বরং সড়কটি ভাঙার কবল থেকে রেহাই পাবে।
নির্মাণাধীন ভবনের ঠিক নিচেই দেখা গেল বারনই নদ কিছু অংশ দুই দিক থেকে বেঁধে পানি সেচে ফেলা হয়েছে। সেখানে মাছ ধরা হচ্ছে। মাছ ধরার কাজে নিয়োজিত রাজু আহম্মেদ বলেন, নদের এই অংশ (তেলিগ্রাম রেগুলেটর থেকে মরহুম ফয়েজ আহম্মেদ সেতু) পাশের বামনহাট গ্রামের সাইদুল ইসলাম স্থানীয় একটি কবরস্থান ও রানীনগর সর্বজনীন দুর্গামন্দির কমিটির কাছ থেকে ইজারা নিয়েছেন। তাঁর হয়েই মাছ ধরা হচ্ছে।
এ ব্যাপারে মন্দিরের সভাপতি শ্রীনিবাস চন্দ্র বলেন, দীর্ঘদিন ধরে এভাবে নদ ইজারা দিয়ে মসজিদ-মন্দিরের উন্নয়নকাজ করা হয়। এভাবে ইজারা দেওয়ার কোনো এখতিয়ার তাঁদের আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো বলতে পারব না।’
তেলিগ্রাম স্কুল মোড়ের বিপরীত দিকে পানাউল্লাহ খালের পাশের বিলের মধ্যে খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। সিঁধাখালি গ্রামের জিন্নাহ আলীর জমিতে ওই পুকুর কাটা হচ্ছে। তবে বিল তথা উন্মুক্ত জলাশয়ের স্থানে নিজের জমিতে পুকুর কাটা যায় কি না, তা জানতে মালিকের ফোন নম্বর জোগাড়ের চেষ্টা করেও পাওয়া যায়নি।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম গত সোমবার বলেন, নদ দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আর নদ সেচে মাছ ধরা উচিত নয়। এসব ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।