নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ফসলি জমি থেকে মাটি কাটা চলছেই। বালু ও মাটিবোঝাই যানবাহন চলাচল করায় যমুনা রক্ষাবাঁধ এবং পৌর এলাকার পাকা রাস্তার কিছু অংশ ভেঙে গেছে। ফলে বাঁধ ও রাস্তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ ছাড়া গত বন্যায় যমুনা রক্ষাবাঁধের দুটি অংশ ধসে গেলেও এখনো তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধি ও এলাকাবাসী অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, গাবের গ্রামের পেছনের বাঁধ দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে বাঁধের পশ্চিম অংশের অর্ধেক ভেঙে গেছে। এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শহরের গাবের গ্রাম, বনচিথলিয়া ও বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী, শুখনগড়ী, আটাত্তুর চর, চর নাংলা, মির্জাপুর এবং চরপাকেরদহ ইউনিয়নের নব্বচর, পাকরুল, কোয়ালাকান্দি গ্রামসহ আরও অনেক গ্রামে যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে কোথাও খননযন্ত্র দিয়ে, কোথাও কোদল দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। প্রতিদিন এসব স্থান থেকে ১৫ থেকে ২০টি ট্রাক্টর ও ট্রলিতে করে বিভিন্ন জায়গায় বালু নেওয়া হয়।
বাঁধের দুই পাশের কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বাঁধের ওপর দিয়ে বালুবাহী ট্রাক ও ট্রলি চলাচল করায় যমুনা রক্ষাবাঁধ ঝুঁকিতে রয়েছে। এতে প্রতিবছর বন্যায় বাঁধ ধসে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। নদীতে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এ ছাড়া বালু ও মাটি ব্যবসায়ীরা ট্রাক্টর-ট্রলি ওঠানো-নামানোর জন্য বাঁধের পাশে ২০ থেকে ৩০ ফুট কেটে ঢালু করেছেন। সেই জায়গা দিয়ে বালু ও মাটিবোঝাই যানবাহন ওঠানামা করায় বাঁধের এসব স্থান ধসে পড়ছে।
মাদারগঞ্জ কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে দুটি জায়গায় প্রায় ৩৫০ ফুট বাঁধ ধসে ১৫টি পরিবারের বসতভিটা এবং অন্তত সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গছে।
বালিজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. নছর আলী বলেন, ‘আমরা নাদাগাড়ী গ্রামের বাসিন্দারা প্রায় এক মাস আগে বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছিলাম। কিন্তু আজও বালু উত্তোলন বন্ধ হয়নি।’ আরেক সাবেক ইউপি সদস্য মো. করমোজ্জামান জানান, বালুবাহী যানবাহন চলাচল করায় পৌর এলাকার পাকা সড়কগুলোর কার্পেটিং উঠে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল জানান, যেকোনো সড়ক কাটা অপরাধ। এ ছাড়া গ্রামের সড়কগুলো প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। এসব কারণে গ্রামীণ সড়কগুলো নষ্ট হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বলেন, ‘যমুনা নদী থেকে বালু ও মাটি কাটা বৈধ না অবৈধ, তা আমার জানা নেই। পরবর্তী আইনশৃঙ্খলা কমিটির সভায় বালু তোলা বা যত্রতত্র বাঁধ কাটা আইনত অবৈধ সিদ্ধান্ত হলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’