নদী থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আজ রোববার নদী থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি মোবাইল অপারেটর কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। তাঁর নাম মামুনুর রশিদ ওরফে মানিক (৩৫)।

শাজাহানপুর থানার পুলিশ জানায়, মামুনুরের গ্রামের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকায়। তিনি বগুড়া শহরের গ্রামীণফোনের পরিবেশক-প্রতিষ্ঠান ‘ফাস্ট ডিস্ট্রিবিউশন’-এর বিক্রয় প্রতিনিধি ছিলেন। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে তিনি প্রতিষ্ঠানের কাজে মোটরসাইকেলসহ বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকাল আটটার দিকে শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি বাজারের পাশে করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
ফাস্ট ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক তরফদার নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, প্রায় এক যুগ ধরে বিক্রয় প্রতিনিধি হিসেবে মামুনুর তাঁর প্রতিষ্ঠানে কাজ করছিলেন। পূর্ব পরিচিত কেউ পরিকল্পিতভাবে তাঁকে খুন করতে পারে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি হত্যাকাণ্ড। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে-সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।