নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে ডুবে যাওয়ার তিন দিন পর আজ শুক্রবার জয়গুন বেওয়া (৯২) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। সকাল নয়টায় পরিবারের লোকজন তাঁর লাশ উদ্ধার করে।

নিহত জয়গুন বেওয়া উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী।

নিহত বৃদ্ধার পারিবারিক সূত্রে জানা যায়, জয়গুন বেওয়া গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে পশ্চিম পোগলদিঘা গ্রামে ভাই শহীদুল ইসলামের বাড়ি যাওয়ার সময় সড়ক থেকে পড়ে যমুনার শাখা নদীতে ডুবে যান। আজ সকালে নদীতে লাশ ভেসে উঠলে এলাকার লোকজন জয়গুন বেওয়ার পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তাঁরা নদী থেকে লাশ উদ্ধার করেন।

নিহত জয়গুন বেওয়ার জামাতা মো. আসাদুল্লাহ বলেন, ‘তিন দিন পর আমার শাশুড়ির লাশ নদী থেকে উদ্ধার করেছি।’

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, তিনি নদী থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধারের খবর শুনেছেন।