নদী দখল করে আ.লীগ নেতার দোকান নির্মাণ

পটুয়াখালীর বাউফল উপজেলার নদী দখল করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার দোকান নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে বগা লঞ্চঘাট এলাকায় মোতালেব হাওলাদার ওই দোকান নির্মাণ করছেন। প্রশাসনের লোকজন দেখেও না দেখার ভান করছেন।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, লোহালিয়া নদীর পূর্ব পাশে বগা লঞ্চঘাট ও ফেরিঘাট। দুই ঘাটের মধ্যে দূরত্ব প্রায় ২০০ ফুট। এর মাঝখানে ডুবোচর জেগেছে। সেখানে একটি দোকানের নির্মাণকাজ চলছে। চার-পাঁচজন শ্রমিক ওই কাজ করছেন। ইতিমধ্যে রড-সিমেন্টের তৈরি খুঁটি পুঁতে পাটাতনের কাজ সম্পন্ন হয়েছে। বেড়া দেওয়ার কাজ চলছে। কর্মরত শ্রমিকেরা বলেন, আবদুল মোতালেব হাওলাদারের নির্দেশে তাঁরা এ নির্মাণকাজ করছেন।
অভিযোগ প্রসঙ্গে মোতালেব হাওলাদার বলেন, ‘তিনি নিজে দোকানঘর নির্মাণ করছেন না। তবে তাঁর (মোতালেব হাওলাদার) অনুমতি নিয়ে স্থানীয় নিতাই বণিক দোকানঘর নির্মাণ করছেন।’ তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগ ফেরিঘাটের জন্য নিতাই বণিকের জমি অধিগ্রহণ করেছে। ওই জমির পাশে তিনি (নিতাই) দোকানঘর নির্মাণ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘বিষয়টি আমার নজরে পড়েছে। তবে ফেরিঘাটের ওই এলাকা দুমকি উপজেলার মধ্যে পড়েছে। সেখানেও জানানো হয়েছে।’
দুমকির ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, ‘নদী দখল করে দোকান নির্মাণের কোনো সুযোগ নেই। ওই দোকান ভেঙে ফেলা হবে।’