নদী দখল করে বালুর ব্যবসা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে শীতলক্ষ্যা নদী ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর প্রায় এক হাজার বর্গফুট জায়গা ভরাট করে সেখানে কার্গো জাহাজে করে বালু এনে জমা করে পরে ট্রাকে ভরে বিক্রি করা হয়। সেতুর ১ নম্বর পিলার ঘেঁষে বালুভর্তি ট্রাক চলাচল করার সময় প্রায়ই সেতুর পিলারে ট্রাকের ধাক্কা লাগে। এতে পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দখলের কারণে সেতুর নিচে নদী একেবারে সরু হয়ে গেছে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত ৩১ মে কাঁচপুর সেতুর পশ্চিম প্রান্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রস্তাবিত ইকোপার্কে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সেতুর দুই প্রান্তের বালু ও পাথর ব্যবসায়ীদের উচ্ছেদ করে নদী দখলমুক্ত করার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। পরদিন সেতুর পশ্চিম প্রান্তের অবৈধ দখলদারদের পাথর ও বালু নিলামে বিক্রি করে নদীর জায়গা দখলমুক্ত করে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। তবে পূর্ব প্রান্তে উচ্ছেদ অভিযান চালানো হয়নি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার হস্তক্ষেপে সেতুর পূর্ব প্রান্তের উচ্ছেদ অভিযান চালানো যাচ্ছে না।
গতকাল শুক্রবার সকালে কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে গিয়ে দেখা যায়, সেতুর নিচে ছোট ছোট দোকান বসিয়ে রসিদ দিয়ে প্রতি ট্রাক বালু দুই হাজার ২০০ থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। বালু বিক্রির কাজে নিয়োজিত আলমগীর মিয়া ও জালাল উদ্দিন নামের দুজন কর্মচারী বলেন, প্রতিদিন এ ঘাট থেকে ৩০০-৪০০ ট্রাক বালু বিক্রি হয়।
স্থানীয়রা জানান, কয়েকজন প্রভাবশালী নেতা কাঁচপুরের সেনপাড়া এলাকার যুবলীগের কর্মী লাবলু মিয়া, মঞ্জুর হোসেন, আশফাক হোসেন, জামাল খান, মোখলেস, জাকির হোসেন ও মাহবুব মিয়ার মাধ্যমে বালুর অবৈধ ব্যবসা চালাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে বালু ব্যবসার সঙ্গে জড়িত যুবলীগের দুই কর্মী বলেন, তাঁরা এ ব্যবসা থেকে যে আয় করেন, তার একটি বড় অংশ আওয়ামী লীগের নেতা, স্থানীয় পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে দেন।
যুবলীগের কর্মী লাবলু মিয়া বলেন, ‘দল-মতনির্বিশেষে সরকারের কোনো স্থাপনার ক্ষতি না করে আমরা বৈধভাবে বালুর ব্যবসা করি। আমরা নদী দখলের সঙ্গে জড়িত নই।’
সওজের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোশনি-এ-ফাতিমা বলেন, উচ্ছেদ অভিযান চালানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলা হয়েছে।
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, সেতুর নিচে অবৈধভাবে বালু ব্যবসার কারণে নদী ও সেতু দুটিরই ক্ষতি হচ্ছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলোকে জানান, ‘অবৈধ বালুর ব্যবসার সঙ্গে পুলিশের কেউ জড়িত কি না, তা আমার জানা নেই। আমি মাত্র ১৩ দিন আগে থানায় যোগদান করেছি।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বিষয়টির খোঁজখবর নিয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেব।’