নদী দখল করে শতাধিক দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজার-সংলগ্ন কচুপাত্রা নদী দখল করে অবৈধ ঘর নির্মাণের মহোৎসব চলছে।
এলাকাবাসীর অভিযোগ, শারিকখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন নেতা অর্থের বিনিময়ে এসব সরকারি জমিতে স্থানীয় ব্যবসায়ীদের ঘর তুলে দিচ্ছেন। গত এক সপ্তাহে সেখানে শতাধিক ঘর তোলা হয়েছে।
এলাকার লোকজন জানান, আমতলী-তালতলী মহাসড়কের কচুপাত্রা একটি প্রসিদ্ধ বাজার। এই বাজারের ওপর দিয়ে প্রবাহিত কচুপাত্রা নদীর দক্ষিণ পাড় দখল করে সেখানে ঘর তোলা হচ্ছে। গত এক সপ্তাহে সেখানে শতাধিক ঘর তোলা হয়েছে। এতে নদীটির অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, কচুপাত্রা বাজারের দক্ষিণ পাড় ধরে পূর্ব দিকে পূর্ব কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটারজুড়ে নদীর পাড় দখল করে তাতে ঘর তোলা হয়েছে।
জমি দখল করে ঘর তুলেছেন এমন পাঁচ-ছয়জন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দুই ছাত্রলীগ নেতাকে প্রতি হাত জমি বাবদ তিন হাজার টাকা দিয়ে তাঁরা জমির দখল বুঝে নিয়েছেন।
এলাকাবাসী সূত্র জানায়, এভাবে শতাধিক ব্যক্তির কাছ থেকে ওই ব্যক্তিরা প্রায় ৫০ লাখ টাকা তুলে নিয়েছেন। ব্যবসায়ী শাহ আলম হাওলাদার, মিজানুর হাওলাদার, মাসুম মুন্সি, আলো জমাদ্দার, কামাল জমাদ্দার, ছালাম জমাদ্দার, জয়নাল হাওলাদার, সুমন চন্দ্র, রশিদ শিকদার, মজিবুর রহমান, সাইদুল ইসলাম, আবদুর রহিম, আইউব আলী শেখ, আবু সালেহ, সিদ্দিক গাজী, সাইদুল বয়াতি, নুরুল হক, দুলাল মোল্লা, সোনা মিয়া, মাহাবুব ফকির, আজিজ মিয়া, জামাল, খবির শিকদারসহ শতাধিক লোক টাকার বিনিময়ে জমি নিয়ে ঘর নির্মাণ করেছেন।
কচুপাত্রা বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, ‘বাজারে আমার একটি পুরোনো ঘর ছিল। ওই ঘর নতুন করে তুলতে গেলে চেয়ারম্যান জাকির হোসেন ও তাঁর লোকজন আমার কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করলে তাঁরা আমাকে ঘর তুলতে দেননি।’ তিনি আরও জানান, কচুপাত্রা বাজারের সরকারি জমি চেয়ারম্যান ও তাঁর লোকজন হাতপ্রতি তিন হাজার টাকা নিয়ে দখল বুঝিয়ে দিচ্ছেন এবং ঘর তুলতে সহযোগিতা করছেন।
দখলদার খবির শিকদার বলেন, ‘নদীর পাড়ের জায়গাতে সবাই ঘর তুলেছে, তাই আমিও তুলেছি।’ কিসের ভিত্তিতে সরকারি জমিতে ঘর তুলেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো কথা বলেননি। আরেকজন দখলদার পরিচয় গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা কী দোষ করেছি। চেয়ারম্যান ও তাঁর লোকজন টাকা নিয়ে আমাদের ঘর তুলে দিয়েছেন।’
কড়াইবাড়িয়া ও শারিকখালী ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার খে খেনু বলেন, কচুপাত্রা বাজারের সরকারি খাসজমি দখল করে অবৈধভাবে ঘর তোলা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজন টাকার বিনিময়ে জমি দখল করে ঘর নির্মাণ করতে সহযোগিতা করছেন। নির্মাণ করা এসব অবৈধ ঘর উচ্ছেদের জন্য তালিকা করা হচ্ছে। তালিকা হলে এসব ঘর উচ্ছেদ করা হবে।
শারিকখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের মুঠোফোনে গতকাল সোমবার ১০-১২ বার ফোন দিলেও তিনি তা ধরেননি। পরে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো প্রত্যুত্তর করেননি।
উপজেলা ভূমি কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাইল হোসেন বলেন, ‘অবৈধভাবে সরকারি জমি দখল করে ঘর তোলার খবর আমি শুনেছি। খবর পাওয়ার পর ওই ইউনিয়নের ভূমি কার্যালয়ের তহশিলদারকে ঘর উচ্ছেদের জন্য নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছি।’