বিশিষ্ট লেখক ও পরিবেশ আন্দোলনের (বাপা) নেতা সৈয়দ আবুল মকসুদ বলেছেন, নদী দখল ও দূষণে সরকারি সংস্থা, রাজনৈতিক দল, ব্যবসায়ী ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একটি সিন্ডিকেট গড়ে উঠছে। নদী সমাজের সব মানুষের। নদী রক্ষা সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত আন্দোলন। নদী দখলে জড়িত অপশক্তিটির বিরুদ্ধে এ আন্দোলনকে আরও বেগবান করে তুলতে হবে।
গাজীপুরের যেসব এলাকায় তুরাগ ও বালু নদ দখল হয়েছে, গতকাল বুধবার একটি নাগরিক প্রতিনিধিদল সেই এলাকাগুলো পরিদর্শন করে। পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন।
সৈয়দ আবুল মকসুদ বলেন, রাজধানী ঢাকার সবচেয়ে নিকটবর্তী এলাকা গাজীপুর। ভবিষ্যতে এলাকাটির সুন্দর বিকাশ নিশ্চিত করতে এখন থেকেই আন্দোলন গড়ে তোলা হবে।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) নূরুল ইসলামের কার্যালয়ে নদী দখল এবং দখল সম্পর্কে করণীয় বিষয়ে এক বৈঠকে মিলিত হন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাষ্টিন রেমা, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাস, নাগরিক সংহতির নেতা শরিফুজ্জামান শরীফ, প্রকৌশলী ইনামুল হক, ডেভেলপমেন্ট ও এনভায়রনমেন্টের সভাপতি প্রকৌশলী সরকার আমিন, ভাওয়ালগড় বাঁচাও আন্দোলনের নেতা আনোয়ার সাহদত প্রমুখ।