নদী দখলে নিয়ে মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইছামতী নদী খননের জন্য দুটি স্থানে বাঁধ দেওয়া হয়। খননকাজ শেষ হলেও বাঁধ দুটি অপসারণ করা হয়নি। দুই বাঁধের মাঝের দেড় কিলোমিটার অংশ দখলে নিয়ে মাছ চাষ করছেন ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতা।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ইছামতী যমুনার শাখানদী। এটি জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে যমুনা থেকে শুরু হয়ে শিবালয় উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর হরিরামপুরের বাহাদুরপুরে পদ্মা নদীতে মিশেছে। একসময়ের খরস্রোতা এ নদী বর্তমানে নাব্যতা হারিয়ে ক্ষীণ ধারায় প্রবহমান।

মানিকগঞ্জের হরিরামপুরের বাহাদুরপুর এলাকায় পদ্মা ও ইছামতী নদীর সংযোগস্থলে বাঁধ দেওয়া হয়েছে। খননের সুবিধার্থে ১০ মাস আগে বাঁধটি দেওয়া হলেও এখনো তা অপসারণ করা হয়নি। এ নদীতে এখন চলছে মাছ চাষ। ছবিটি গত রোববার দুপুরে তোলা l প্রথম আলো
মানিকগঞ্জের হরিরামপুরের বাহাদুরপুর এলাকায় পদ্মা ও ইছামতী নদীর সংযোগস্থলে বাঁধ দেওয়া হয়েছে। খননের সুবিধার্থে ১০ মাস আগে বাঁধটি দেওয়া হলেও এখনো তা অপসারণ করা হয়নি। এ নদীতে এখন চলছে মাছ চাষ। ছবিটি গত রোববার দুপুরে তোলা l প্রথম আলো

পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, নাব্যতা ফিরিয়ে আনতে ২০১৫-১৬ অর্থবছরে দুই কোটি টাকার বেশি ব্যয়ে পাউবো নদীর বাহাদুরপুর থেকে কালাই পর্যন্ত ২ দশমিক ৮ কিলোমিটার অংশ খনন করা হয়। ২০১৫ সালের এপ্রিল মাসে খননকাজের সুবিধার্থে ঠিকাদার বাহাদুরপুর ও মানিকনগর এলাকায় দুটি বাঁধ নির্মাণ করা হয়। গত বছরের এপ্রিল মাসে খনন শেষ হলেও বাঁধ দুটি অপসারণ করা হয়নি।
ঠিকাদার ও জেলা যুবলীগের নেতা আবদুল জলিল বলেন, প্রায় ১০ মাস আগে বাঁধটি অপসারণের চেষ্টা করা হয়। স্থানীয় কয়েকজনের বাধার কারণে তা করা যায়নি। তবে খুব শিগগির এটি অপসারণ করা হবে।
স্থানীয় সূত্র জানায়, দুই বাঁধের মাঝখানে নদীর প্রায় দেড় কিলোমিটার অংশ দখলে নিয়ে মাছ চাষ করা হচ্ছে। বর্তমানে নদীতে পানি থাকলেও বাঁধ থাকায় প্রবাহ বন্ধ আছে। স্থানীয় রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খলিলুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদসহ তাঁদের লোকজন প্রায় ১০ মাস ধরে নদীতে মাছ চাষ করছেন। এ কারণে মাছ ধরতে পারছে না নদীপারের মানুষ।
স্থানীয় জেলে নিখিল রাজবংশী বলেন, নেতারা মাছ চাষ করে বলে নদীতে কেউ নামার সাহস পায় না। জেলেরা নদীতে মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজু আহম্মেদ বলেন, নদীর দুই পারের ১০৪ জন সদস্যকে নিয়ে সমিতির মাধ্যমে নদীতে মাছ চাষ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েই তাঁরা মাছ চাষ করছেন। তিনি দাবি করেন, মাছ চাষের জন্য উপজেলা প্রশাসনের কোষাগারে রাজস্ব দিয়েছেন তিনি। একই ধরনের কথা বলেন খলিলুর রহমান।
গত রোববার বেলা একটার দিকে বাহাদুরপুরে গিয়ে দেখা যায়, পদ্মা ও ইছামতী নদীর সংযোগস্থলে প্রায় ২০ ফুট প্রশস্ত বাঁধ দেওয়া। বাঁধের পাশের রাস্তা দিয়ে কয়েকজন বৃদ্ধা কলস নিয়ে নদীতে যাচ্ছিলেন। কথা হয় ইছামতী পারের ডেগীর চর গ্রামের আম্বিয়া বেগমের সঙ্গে। তিনি বলেন, আগে নদীতে গোসল হতো, গৃহস্থালির কাজও হতো। কিন্তু এখন নদীতে মাছ চাষ করা হচ্ছে। মাছের পচা ও দুর্গন্ধযুক্ত খাবার ও বাঁধের কারণে নদীর পানি দূষিত হয়ে পড়েছে।
বাঁধ দেওয়ায় হরিরামপুরের প্রাচীনতম ও বৃহৎ ঝিটকা বাজারের ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। এ বাজারের অন্তত পাঁচজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকায় করে বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষিপণ্য এই বাজারে আনা-নেওয়া করা হতো। কিন্তু বাঁধের কারণে বর্তমানে নৌচলাচল বন্ধ আছে।
হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার বলেন, উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই নদীতে মাছ চাষের অনুমতি দেওয়া হয়।
তবে নদীতে বাঁধ দেওয়া ও মাছ চাষের বিষয়ে জানেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আরেফিন রেজোয়ান। তিনি বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জাহিদুল আলম খান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রানা ট্রেডার্স খননকাজের সুবিধার্থে বাঁধটি দিয়েছিল। তবে নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বাঁধটি ভেঙে ফেলার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হবে।