
প্রবহমান নদী গোগালীছড়া। বইছে মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা ছুঁয়ে। অথচ এ নদীকেই দেখানো হয়েছে ‘বদ্ধ জলমহাল’ হিসেবে। এভাবে একটা নদীকে কাগজে-কলমে পাল্টে ফেলে সেটিকে আনা হয়েছে ইজারার আওতায়। আর এ পুরো কাজটি করা হয় ভূমি মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তিকে আড়াল করে।
অনুসন্ধানে জানা যায়, গোগালীছড়া নদীকে মূলত ইজারার আওতায় আনতেই কৌশলে এর শ্রেণিতে ওই পরিবর্তন ঘটানো হয়েছে। সম্প্রতি একটি মৎস্যজীবী সমিতিকে একে ইজারা বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্তও হয়ে গেছে চূড়ান্ত। এ অবস্থায় শুষ্ক মৌসুমে হাকালুকি হাওর পাড়ের ২০ হাজার একর জমিতে বোরো ধান আবাদে সেচ সুবিধা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। জনস্বার্থে নদীটির ইজারা বাতিলে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনও করা হয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. জহির বিন আলম বলেন, ১৯৯৭ সালের পরিবেশ সংরক্ষণ আইনে নদী ও জলাভূমিকে স্পষ্টভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে। চলমান নদীকে কোনো অবস্থায়ই বদ্ধ জলমহাল বলা যাবে না। নদীকে বদ্ধ জলমহাল হিসেবে ইজারা দেওয়া হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
কুলাউড়া ও জুড়ী সীমান্তে অবস্থিত হাড়ারগজ পাহাড়ের পাদদেশ থেকে উৎপত্তি গোগালীছড়ার। এটি কুলাউড়ার জয়চণ্ডী ও ভূকশিমইল ইউনিয়ন এবং জুড়ীর জায়ফরনগর ইউনিয়ন হয়ে হাকালুকি হাওরের কাছে ফানাই নদীতে মিশেছে।
কুলাউড়া ও জুড়ী উপজেলা ভূমি কার্যালয় এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৭ সালে কুলাউড়ার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম গোগালীছড়া নদীকে ‘জলমহাল’ ঘোষণা করে একটি মৎস্যজীবী সমিতিকে ইজারা বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেন। এতে ওই বছরের ৯ অক্টোবর ইসলাম উদ্দিন নামের ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের একজন ব্যক্তি ভূমি মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন ও পাশাপাশি গোগালীছড়াকে উন্মুক্ত নদী উল্লেখ করে ইজারা বন্দোবস্ত বাতিল করতে কুলাউড়ার সহকারী জজ আদালতে একটি স্বত্ব মামলা করেন। প্রজ্ঞাপনে (১৯৯৫ সালের ৪ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়, শাখা-৭) বলা হয়েছে, ‘দরিদ্র জেলে সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণার্থে এবং তাঁদের জীবিকা নির্বাহে সরকার নদী, খাল ও উন্মুক্ত শ্রেণির ছড়া; যা জলমহালের আওতায় রয়েছে সেগুলোর ইজারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।’
একই বছর আদালত মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্দোবস্ত স্থগিত রাখতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। কিন্তু ওই বছরেরই ৮ নভেম্বর মৌলভীবাজারের রেভিনিউ ডেপুটি কালেক্টর ওই নদীকে ‘বদ্ধ জলমহাল’ উল্লেখ করে তা ইজারা বিজ্ঞপ্তির আওতায় আনতে সিলেট বিভাগীয় কমিশনারের কাছে লিখিত প্রস্তাব পাঠান। পরে ২০০৮ সালের ১৬ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রস্তাবটি অনুমোদনের কথা জানিয়ে নদীটিকে বদ্ধ জলমহাল হিসেবে ছয় নম্বর নথিভুক্ত (জলমহালের নির্ধারিত নথি) করতে মৌলভীবাজারের জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। নথিতে এর আয়তন দেখানো হয় ২৬ দশমিক ৬০ একর।
সর্বশেষ গত ২৯ এপ্রিল আদালত ইসলাম উদ্দিনের ওই মামলা খারিজ করে দেন। এরপর গত ২৬ জুন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান জুড়ীর ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে পাঠানো একটি চিঠিতে জানান, ‘গোগালীছড়া বদ্ধ জলমহাল’ ইজারা পেতে দুটি মৎস্যজীবী সমিতি আবেদন করেছে। আবেদন যাচাই করে প্রতিবেদন পাঠাতে বলা হয় চিঠিতে।
গত ১০ জুলাই ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় জলমহালটিকে ১৪২১ সাল থেকে ১৪২৩ সাল পর্যন্ত বার্ষিক ৪০ হাজার টাকা মূল্যে ‘দীঘলবাঁক মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমিতিকে ইজারা বন্দোবস্ত দেওয়ার সুপারিশসহ জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন করা হয়।
ইজারা বাতিলে গত ১১ আগস্ট মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর এক আবেদন করেছেন এলাকাবাসী। এতে জুড়ীর নদী তীরের লোকজনের স্বাক্ষর রয়েছে।
সরেজমিন: জুড়ী-কুলাউড়া সড়ক ও কুলাউড়া-শাহবাজপুর রেলপথের আছুরিঘাট এলাকা এবং জুড়ীর ভূঁয়াই বাজার থেকে কুলাউড়ার তেঘরিঘাট সড়কের তেঘরিঘাট এলাকায় নদীটির ওপর তিনটি সেতু রয়েছে। নদী দিয়ে হাওর পাড়ের লোকজন নৌকায় চলাচল করছেন।
জুড়ীর শাহপুর গ্রামের বাসিন্দা শফিকুর রহমান, সলিম উল্লাহ, মতছিন আলীসহ আরও কয়েকজন বলেন, বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এই নদী দিয়েই নিষ্কাশিত হয়। এ ছাড়া শুষ্ক মৌসুমে নদীর বিভিন্ন স্থানে অস্থায়ী মাটির বাঁধ স্থাপন করে পানি সেচের মাধ্যমে জুড়ী ও কুলাউড়ার হাকালুকি হাওর পাড়ের প্রায় ৪০টি গ্রামের ২০ হাজার একর জমিতে বোরো আবাদ হয়। নদীটি ইজারা দেওয়া হলে সেচ সুবিধার অভাবে আবাদ ব্যাহত হবে। এলাকার দরিদ্র জেলেরা নদীতে মাছ ধরার অধিকারও হারাবেন।
গোগালীছড়াকে কিসের ভিত্তিতে ‘বদ্ধ জলমহাল’ করা হলো—এ বিষয়ে কুলাউড়া ও জুড়ী উপজেলার ভূমি কার্যালয়সহ এসব এলাকার সংশ্লিষ্ট একাধিক ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। যদিও ১৯৯৫ সালের ওই প্রজ্ঞাপন এখনো বহাল রয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেন।
কুলাউড়ার ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম ও জুড়ীর ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গোগালীছড়া বদ্ধ জলমহালটির বিষয়ে বিস্তারিত তথ্য তাঁদের জানা নেই। তবে জুড়ীর ইউএনও বলেন, জেলা প্রশাসকের চিঠির পরিপ্রেক্ষিতে তাঁরা শুধু দুটি মৎস্যজীবী সমিতির আবেদন যাচাই ও ইজারামূল্য নির্ধারণ করে প্রস্তাব পাঠিয়েছেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘বদ্ধ জলমহাল হিসেবে আমরা গোগালীছড়াকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর গোগালীছড়া যদি উন্মুক্ত নদী হয়ে থাকে তাহলে কীভাবে বদ্ধ জলমহাল হিসেবে নথিভুক্ত হলো সেটা বুঝে উঠতে পারছি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’