নদীতে চুবিয়ে জ্বরের চিকিৎসা, মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড জ্বরে অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে ফেলেন রাজিব হোসেন। তাঁকে পাশের গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যান পরিবারের লোকজন। কবিরাজ দুই হাত বেঁধে রাজিবকে নদীর পানিতে ডোবাতে বাধ্য করেন। পানিতে ডুবে মারা যান রাজিব।

সোমবার বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাণ্ঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। ওই রাতেই কবিরাজ মোজাহার আলী ফকিরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কাণ্ঠাপাড়া গ্রামেই। রাজিব পাশের চরপাড়া গ্রামের ইশারত আলীর ছেলে। তিনি মুদি মালের ব্যবসা করতেন।

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে প্রচণ্ড জ্বরে অসুস্থ হয়ে পড়েন রাজিব। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে ফেলেন এবং পরিবারের লোকজনের সঙ্গে অসদাচরণ শুরু করেন। এ কারণে শনিবার সকালে পরিবারের লোকজন রাজিবকে কবিরাজ মোজাহারের কাছে নিয়ে যান। পরিবারের কাছে সমস্যার কথা শোনার পর রশি দিয়ে রাজিবের দুই হাত বেঁধে ফেলেন কবিরাজ। এরপর পাশের ইছামতী নদীতে নিয়ে যান তাঁকে। হাত বাঁধা অবস্থায় তাঁকে নদীতে ডোবাতে বাধ্য করা হয়। এভাবে সোমবার বিকেলেও কবিরাজের নির্দেশে রাজিব পানিতে ডুব দিতে থাকেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে নদী থেকে তাঁর লাশ তোলা হয়। খবর পেয়ে সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এরপর সন্ধ্যায় বাড়ি থেকে কবিরাজকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাজিবের ছোট ভাই রাকিব হোসেন বাদী হয়ে মোজাহারকে আসামি করে থানায় মামলা করেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কবিরাজের আস্তানা ভেঙে দিয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া কবিরাজকে গতকাল জেলার বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।