নদীতে ছাত্রীর লাশ

নিখোঁজের পাঁচ দিন পর বাগেরহাটের মোরেলগঞ্জে বেহেস্তি আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার সন্ন্যাসী লঞ্চঘাট–সংলগ্ন পানগুছি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বেহেস্তি পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার কালাইয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। ৬ ফেব্রুয়ারি স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর থেকে বেহেস্তি নিখোঁজ ছিল।
তবে ঠিক কীভাবে বেহেস্তি নদীতে গেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ বেহেস্তির বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে কোনো নদী নেই। বাড়ির পাশে যে নদী আছে, তা–ও প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। বেহেস্তি নদীতে গেছে—এমন কোনো তথ্যও তার সহপাঠীদের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, পরিবারের লোকজন মরদেহ দেখে শিশুটিকে শনাক্ত করেছে। উদ্ধারের সময় তার শরীরে লাল রঙের একটি সোয়েটার ও পায়ে মোজা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে।
গত বুধবার মেয়ের খোঁজে বেহেস্তির মা রানি বেগম ইন্দুরকানি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত শুক্রবার প্রথম আলোয় ‘ স্কুলছাত্রী নিখোঁজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এর আগে ৫ ফেব্রুয়ারি বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে থানার পুলিশ। একদিন পর তার পরিচয় মেলে। মাছুম হাওলাদার নামে ওই যুবক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার টগরা গ্রামের মৃত নূরুল ইসলাম হাওলাদরের ছেলে।
এক মাস আগে ইন্দুরকানির একটি ইটভাটায় শ্রমিকের কাজে যোগ দেওয়ার ১৫ দিন পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় গত ২১ জানুয়ারি ইন্দুরকানি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তাঁর পরিবার।