ঝড়ের সুযোগে আসামি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়েছিলেন আসামি মো. বাদল (৪২)। আজ মঙ্গলবার ভোরে মেঘনার তীর থেকে তাঁকে উদ্ধার করে নীলকমল নৌফাঁড়ির পুলিশ। এখন জেলহাজতে আছেন তিনি।

একটি হত্যা মামলার আসামি বাদল পিরোজপুরে পাঁচ বছর কারাগারে ছিলেন। তিনি মঠবাড়িয়া থানার বাসিন্দা।
হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিকদার মো. হাসানুজ্জামান বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে পিরোজপুর জেলা কারাগার থেকে নৌপথে রকেট নামের একটি লঞ্চে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছিল বাদলকে। রাত দুইটার দিকে চাঁদপুরের মোহনপুর এলাকায় লঞ্চটি ঝড়ের কবলে পড়ে। এই সুযোগে বাদল পালিয়ে যেতে নদীতে ঝাঁপ দেন। ঝড় শেষ হওয়ার পর ব্যাপক খোঁজ করেও আসামির সন্ধান পায়নি দায়িত্বে থাকা পুলিশ।
পরে এ ঘটনা চাঁদপুর মডেল থানাকে জানানো হলে, স্থানীয় নৌ পুলিশের কয়েকটি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে বাদলকে খুঁজতে থাকে। ভোর সাড়ে ছয়টার দিকে নীলকমল পুলিশ ফাঁড়ির সদস্যরা চাঁদপুরের হাইমচরের চরভৈরবী এলাকা থেকে বাদলকে উদ্ধার করে।
চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ বলেন, জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুপুরে আসামিকে চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।