নদীতে নিখোঁজের চার দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের চার দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে গৌতম চন্দ্র সাহার (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার উপজেলার পৌর এলাকার জগৎপট্টিতে নিখোঁজ হন তিনি। গৌতমের বাড়িও জগৎপট্টি গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার দুপুর আড়াইটার দিকে গৌতম গোসল করতে নামেন সন্ধ্যা নদীতে। পানিতে ডুব দেওয়ার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। এর পর স্থানীয় লোকজন ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিলেও গৌতমকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন আজ দুপুরের দিকে নদীতে গৌতমের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে আড়াইটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের ভাষ্য, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
লাশটি পরিবারের কাছে হস্তান্তর করার কথা।