নদীতে ফেলার ১২ দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিফাত
রিফাত

নড়াইলে হত্যাকাণ্ডের পর নিখোঁজ দশম শ্রেণির ছাত্র রিফাতের (১৪) গলিত লাশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার ইছাখালীচরে মধুমতী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রিফাত লোহাগড়ার লাহুড়িয়া গ্রামের সৈয়দপাড়ার সৈয়দ সাহিদ আলীর ছেলে। সে লাহুড়িয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত।
রিফাতকে হত্যার কথা স্বীকার করে এর আগে তার চাচাতো ভাই গ্রেপ্তার হওয়া সৈয়দ সোহাগ (২০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সোহাগ বলেন, একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি রিফাতকে পিটিয়ে ও শ্বাসরোেধ হত্যা করেন। পরে হাতে ও পায়ে ইট বেঁধে মধুমতী নদীতে ফেলে দেন।
ওই ঘটনার পর থেকে সোহাগ আত্মগোপনে ছিলেন। ১২ সেপ্টেম্বর তিনি বাড়িতে এলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। একপর্যায়ে সোহাগ রিফাতকে হত্যার কথা স্বীকার করলে তঁাকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়। এরপর রিফাতের মা সালেহা বেগম সোহাগ ও তাঁর বাবা সৈয়দ তাহেরুল ইসলাম ওরফে ভিকুসহ পরিবারের পাঁচজনকে আসামি করে মামলা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার সাহা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মধুমতী নদীর তীরে ইছাখালীচরে একটি গলিত লাশ পাওয়া যায়। রিফাতের স্বজনদের খবর দিলে তাঁরা এসে মরদেহের পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট দেখে লাশ শনাক্ত করেন। পরে লাশের ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।