নদীতে বস্তাবন্দী লাশ ফেলার সময় নারী আটক
নরসিংদীতে মাথা ও পা বিচ্ছিন্ন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী লাশ হারিদোয়া নদীতে ফেলার সময় এক নারীকে আটক করেছে স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর পিটুনিতে ওই নারী গুরুতর আহত হয়েছেন। তাই তাৎক্ষণিক তাঁর ও নিহত ব্যক্তির পরিচয় পুলিশ জানতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সদর ও শিবপুর উপজেলার সীমানা দিয়ে বয়ে গেছে হারিদোয়া নদী। গতকাল রাত সাড়ে নয়টার দিকে এক নারী ও কয়েকজন তরুণ ব্যাটারিচালিত অটোরিকশায় করে ঘোড়াদিয়া-পুটিয়া সড়কের সোনাতলা এলাকায় (পুটিয়া বাজারসংলগ্ন) একটি বস্তা নিয়ে আসেন। তরুণেরা বস্তাটি সেতুর কাছে নিয়ে গেলে এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকার কয়েকজন এগিয়ে গেলে বস্তা ফেলে তরুণেরা দৌড়ে পালান। তখন এলাকাবাসী ওই নারীকে আটক করে। পরে বস্তার মুখ খুলে তাতে মাথা ও পা বিচ্ছিন্ন একটি লাশ দেখতে পায় তারা। এ পর্যায়ে তারা ওই নারীকে পিটুনি দেয়। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় পুটিয়া বাজার এলাকার বাসিন্দা ঘটনার প্রত্যক্ষদর্শী মোস্তাক মিয়া বলেন, ‘বস্তাসহ পোলাপাইন (তরুণ) আর মহিলারে দেইখা সন্দেহ হয়। কাছে যাইতেই পোলাপাইনগুলা দৌড়াইয়া পালাইয়া যায়। আর মহিলা দৌড় দিতে না পারায় আমরা তারে ধইরা ফেলি। পরে বস্তা খুলতেই দেখি লাশ। শুনছি, মহিলার বাড়ি শহরের গাবতলী এলাকায়।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম গতকাল রাতে বলেন, জনরোষ থেকে ওই নারীকে উদ্ধার করে আটক করা হয়ছে। লাশটি একজন পুরুষের। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় তাৎক্ষণিক তাঁর ও লাশের পরিচয় পাওয়া যায়নি।