নদীতে বাঁধ, অতঃপর চাঁদা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুদাসপুরের নাজিরপুর হাট–সংলগ্ন নন্দকুঁজা নদীতে পারাপারের জন্য দেওয়া হয়েছে মাটির বাঁধ। তারপর মাচা বেঁধে বসে ​আদায় করা হচ্ছে চাঁদা। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
গুরুদাসপুরের নাজিরপুর হাট–সংলগ্ন নন্দকুঁজা নদীতে পারাপারের জন্য দেওয়া হয়েছে মাটির বাঁধ। তারপর মাচা বেঁধে বসে ​আদায় করা হচ্ছে চাঁদা। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

মাস খানেক আগেও খেয়ানৌকায় চলত পারাপার। এখন সেখানে হাঁটু থেকে কোমরপানি। নৌকাও চলতে পারে না। নেই সাঁকো বা ব্রিজ। তাই পারাপারের জন্য নন্দকুঁজা নদীজুড়ে দেওয়া হয়েছে মাটির বাঁধ। খরচের টাকা তুলতে আদায় করা হচ্ছে চাঁদা। নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর হাট পয়েন্টের চিত্র এটি।
সরেজমিন গত সোমবার দুপুরে দেখা গেছে, নদীটির ওই অংশে ৩৫০ ফুট দীর্ঘ ও প্রায় ১০ ফুট প্রস্থ করে মাটির বাঁধ দেওয়া হয়েছে। মাঝে পানি চলাচলের জন্য ৩ ফুট অংশ বাঁশের চরাট বসানো হয়েছে। বাঁধ নির্মাণের ব্যয় তোলার কথা বলে বাঁধের দক্ষিণ পাশে নাজিরপুর হাট পয়েন্টে বসানো হয়েছে বাঁশের মাচা। সেখানে বসেই পথচারীদের কাছ থেকে আদায় করা হচ্ছে চাঁদা।
স্থানীয় অন্তত ১০ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, নেপাল দাস ও বাবু দাস নামে দুই ব্যক্তি মাটির বাঁধটি নির্মাণ করেছেন। তাঁরা দুজন খেয়াঘাটের ইজারাদার। বর্ষায় যখন নদীতে পানি থাকে তখন তাঁরা খেয়ানৌকায় মানুষ পারাপার করেন। ঘাটটি তাঁরা নাজিরপুর ইউনিয়ন (ইউপি) পরিষদ থেকে ১০ হাজার টাকায় ইজারা নিয়েছেন।
নেপাল দাস ও বাবু দাসের সঙ্গে কথা বলে জানা যায়, নদীতে এখন পানি কম থাকায় খেয়ানৌকা চলছে না। লোকজনের চলাচলের সুবিধার কথা ভেবেই তাঁরা মাটি ফেলে বাঁধটি তৈরি করেছেন। এ জন্য প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। এ টাকা তুলতে জনপ্রতি দুই টাকা ও মোটরসাইকেল নিয়ে কেউ পার হলে তাঁর কাছ থেকে পাঁচ টাকা করে আদায় করা হচ্ছে। তবে নদীতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ রাখায় কোনো সমস্যা হচ্ছে কি না, সে ব্যাপারে তাঁরা কিছু বলতে পারছেন না।
স্থানীয় ব্যক্তিরা বলেন, মাটির বাঁধটির অদূরেই একটি ব্রিজ রয়েছে। কিন্তু মাটির বাঁধটি হওয়ায় সেটির ওপর দিয়েই প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার মানুষ চলাচল করছে।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী বলেন, লোকজনের চলাচলের জন্য ওই পয়েন্টে সাঁকো স্থাপন করা যেত। মাটির বাঁধ দিয়ে নদীর গতিপথ বন্ধ করা ঠিক হয়নি। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন বলেন, কোনোভাবেই নদীতে মাটির বাঁধ দেওয়া যাবে না। এটা অন্যায়। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।