নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঢোলভাঙ্গা নদীতে বাঁধ দিয়ে অবাধে মাছ শিকার চলছে। নদীর কমপক্ষে ছয়টি স্থানে বাঁশের তৈরি বেড়া দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি মা-মাছ ও পোনাসহ সব ধরনের মাছ নির্বিচারে শিকার করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেঘনা নদীর মরিচাকান্দিসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ঢোলভাঙ্গা নদীটি বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর, বাঁশগাড়ি, বাঞ্ছারামপুর, সফিরকান্দি, আলীপুর, মনাইখালী, খোশকান্দি, কানাইনগর, ধারিয়ারচর, মানিকপুর, মায়ারামপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় গিয়ে মিলেছে।
বাঞ্ছারামপুর গ্রামের কান্দাপাড়ার জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি বাঁশগাড়ি ও বাঞ্ছারামপুরের মধ্যবর্তী স্থানে, খোশকান্দি গ্রামের পশ্চিম পাশে ওই গ্রামের মোহাম্মদ মিয়া, খোশকান্দি-কানাইনগর সেতুর দক্ষিণ পাশে খোশকান্দি গ্রামের আবদুল মালেক, এর প্রায় ৩০০ মিটার দক্ষিণে কল্যাণপুর গ্রামের মোতালিব মিয়া এবং তারও ২০০ মিটার দক্ষিণে কল্যাণপুর গ্রামের আবদুর রহমান বাঁশের ফলা দিয়ে বাঁধ দিয়ে মাছ শিকার করছেন। তাঁরা প্রায় দুই মাস ধরে এভাবে মাছ শিকার করছেন।
বাঁধ দিয়ে মাছ ধরার ব্যাপারে জানতে চাইলে কল্যাণপুর গ্রামের আবদুর রহমান বলেন, ‘নদীতে বাঁধ দিয়া মাছ ধরার কারণে কেউ বাধা দেয়নি। ছোট-বড় সব মাছই ধরা পড়ছে। তবে অহন মাছ বেশি ধরা পড়তাছে না।’ খোশকান্দি গ্রামের আবদুল মালেক বলেন, ‘নদীতে বাঁধ দিয়া মাছ ধরলে মাছের কোনো ক্ষতি হয় না। আমার সাথে আরও চারজন আছে। হগলে মিলিয়া মাছ ধরার কাজ করি। আর আমগোরে বাঁধ দিয়া মাছ ধরতে কেউ বাধা দেয় নাই।’
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ঢোলভাঙ্গা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে তাঁরা ব্যবস্থা নেবেন।