নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঢোলভাঙ্গা নদীতে আড়াআড়ি বেড়া দিয়ে দুই সপ্তাহ ধরে মাছ শিকার করছেন দুই ব্যক্তি। এতে নদীর ছোট-বড় মাছ ধরা পড়ায় নদী মাছশূন্য হওয়ার শঙ্কা করছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মরিচাকান্দিসংলগ্ন মেঘনা নদী থেকে ঢোলভাঙ্গা নদীটি শুরু হয়ে ফেরাজিয়াকান্দি, কদমতলী, সোনারামপুর, দরিয়াদৌলত, দুর্গারামপুর, ভিটিঝগড়ারচর, উপজেলা সদর, বাঞ্ছারামপুর, বাঁশগাড়ি, সফিরকান্দি, আলীপুর, মনাইখালি, পঞ্চমপুর, খোশকান্দি, কানাইনগর, ধারিয়ারচর, মানিকপুর ও মায়ারামপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে আবার মেঘনায় মিলিত হয়েছে। নদীর দৈর্ঘ্য প্রায় ২৫ কিলোমিটার।
গত ২৭ এপ্রিল সোমবার ভিটিঝগড়ারচর এলাকায় গিয়ে দেখা গেছে, ভিটিঝগড়ারচরের পশ্চিম পাশে ঢোলভাঙ্গা নদীতে ১০০ মিটারের ব্যবধানে বাঁশের দুটি বেড়া দেওয়া হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের আবদুর রাজ্জাক ও মানিক মিয়া পৃথকভাবে বাঁশের দুটি বেড়া দিয়েছেন বলে স্থানীয় লোকজন জানান।
ভিটিঝগড়ারচর গ্রামের বাসিন্দা হাছান মিয়া বলেন, ‘নদীতে বাঁধ দিয়া যেভাবে মাছ ধরতাছে কয়দিন পরে নদীতে দেশি কোনো মাছই থাকবে না। আর এক মাস পরেই দেশি মাছেরা ছোট এই সব নদীতে ডিম দেবে। বাঁধ দিয়া মাছ শিকার করলে মা-মাছসহ কোনো মাছই তাদের হাত থেকে বাঁচতে পারবে না।’
আবদুর রাজ্জাক বলেন, ‘নদীতে বাঁধ দিছি কয়েক দিন আগেই। এখন কিছু মাছ ধরা যায়, কয়েক দিন পর জোয়ার আইলে মাছ বেশি ধরা যাইব। মাছ ধরার সময় আমাকে কেউ বাধা দেয় নাই।’
২৭ এপ্রিল মানিক মিয়া বলেন, ‘এক সপ্তাহ আগে নদীতে বাঁধটা দিছি। বাঁধ দেওনের সময় কেই কিছু কয় নাই। পুঁটি, ট্যাংরা, মেনিসহ দেশি সব মাছই ধরা পড়ছে। তবে পানি যত বাড়বে, মাছ তত বেশি ধরা পড়বে। আগামী দুই-তিন মাস বেশি মাছ ধরা যাইবে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, ‘নদীতে বাঁধ দিয়ে কেউ মাছ শিকার করছে, তা আমার জানা নেই, কেউ তা করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’