নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চন্দনা নদীতে মাছ শিকারের জন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে। বেড়া দেওয়ার পাশাপাশি স্থানীয় কয়েকজন জেলে সেখানে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন।
সরেজমিনে গত শনিবার দেখা যায়, রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের পাশে বহর ইউনিয়নের তেঁতুলিয়া সেতুর পাশে চন্দনা নদীতে দুই স্তরের বাঁশের বেড়া দেওয়া হয়েছে।
দুই পাশে বেড়া দিয়ে মাঝখানে কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে। সেই ফাঁকা স্থানে পাতা হয়েছে লম্বা কারেন্ট জাল। বেড়া থেকে বেশ দূরে নৌকায় বসে জাল থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে।
অথচ ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নদীতে বা চলমান স্রোতোধারায় আড়াআড়িভাবে বাঁধ দিয়ে বা অন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া মাছের স্বাভাবিক চলাচল বিঘ্ন হয় এমন কোনো প্রতিবন্ধকতাও সৃষ্টি করা যাবে না।
স্থানীয় ছয় ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা নদীর শাখা চন্দনা নদী রাজবাড়ীর কালুখালী উপজেলা থেকে বালিয়াকান্দি হয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদীর সঙ্গে মিলেছে। তাঁরা বলেন, স্থানীয় জেলে কৃষ্ণ হালদার, সাধন বিশ্বাস ও রবিন বিশ্বাস ২০-২৫ দিন আগে নদীতে এ বেড়া দিয়েছেন। তাঁদের বাড়ি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুঠরাকান্দি গ্রামে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ হওয়ার বিষয়টি এখন সবাই জানে। কিন্তু প্রশাসনের সামনেই এসব জাল বিক্রি করা হচ্ছে।
অভিযুক্ত কৃষ্ণ হালদার বলেন, তাঁরা বাঁশের বেড়া দেওয়ার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানিয়েছেন। নদীতে ইলিশ মাছ শিকার বন্ধের সময়সীমা শেষ হওয়ার পর এ বেড়া দেওয়া হয়েছে। আর এভাবে বেড়া না দিলে তেমন একটা মাছ পাওয়া যায় না। এ জন্য টাকা-পয়সা খরচ করে তাঁরা এ বেড়া দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত বলেন, মুক্ত জলাশয়ে কোনো ধরনের বাঁধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার সুযোগ নেই। চন্দনা নদীতে বেড়া দেওয়ার বিষয়টি তিনি জানেন না। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলবেন।