নদীতে বাঁশের বেড়া, মাছ চাষ ছাত্রলীগের নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে করতোয়ার শাখা নদীতে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করা হচ্ছে। এতে নদী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। নদীতে কাউকে নামতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নওগাঁ বাজার সেতু থেকে পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত করতোয়ার শাখা নদী দখল করা হয়েছে। সেখানে প্রায় ছয় বছর ধরে বেড়া দিয়ে মাছ চাষ চলছে। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আশরাফুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন মিয়ার নেতৃত্বে মাছ চাষ করা হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নওগাঁ বাজারসংলগ্ন সেতু ও চানপুরে দুটি স্থানে নদীতে আড়াআড়ি বাঁশের বেড়া রয়েছে। বাঁশের সঙ্গে সূক্ষ্ম জাল বেঁধে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। মাছের খাবার দেওয়ার জন্য ছোট ডিঙিনৌকা রাখা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নওগাঁ হাটটি জেলার মধ্যে সবচেয়ে বড়। নদীতে বেড়া দেওয়ায় নৌকা চলাচল বন্ধ রয়েছে। এ কারণে নৌপথে মালামাল পরিবহন বন্ধ রয়েছে। ওই নেতারা এলাকার প্রভাবশালী। এ জন্য তাঁদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতেও সাহস পর্যন্ত পান না।
কয়েকজন মৎস্যজীবী বলেন, ‘জাল যার জলা তার—সরকারের এই নিয়ম থাকলেও আমরা ছয় বছর ধরে নদীতে মাছ শিকার করতে পারছি না। এর আগে এই নদীতে মাছ শিকার করে আমরা জীবিকা নির্ভর করেছি। এখন মাছ শিকার করতে গেলে মারধর করা হচ্ছে। যে কারণে আমাদের পেশা বদল করতে হচ্ছে। অনেকেই গ্রাম ছেড়ে অন্য পেশায় চলে গেছেন।’
নওগাঁ গ্রামের বাসিন্দা আবদুল মালেক বলেন, যাঁরা মাছ চাষ করছেন, তাঁরা এই নদীতে কাউকে নামতে পর্যন্ত দিচ্ছেন না। তাঁরা মাছ চাষ করেই ক্ষান্ত হননি, প্রতিবছর পানি শুকিয়ে যাওয়ার পর লাখ লাখ টাকার বালুমাটি কেটে বিক্রি করছেন। এর প্রতিকার চেয়ে গত ৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। কিন্তু এখনো প্রতিকার পাওয়া যায়নি।
জানতে চাইলে আশরাফুল বলেন, ‘বিগত সময়ে অন্যরা স্থানীয়ভাবে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এবার আমরা মাছ চাষ করছি। নদীটি বর্তমানে মৃত বলেই এভাবে মাছ চাষ করা হচ্ছে। এখানে কাউকে গোসল করতে নিষেধ করা হয় না। এই বছরে এ বিষয়ে জেলা প্রশাসন থেকে মাছ চাষ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। আগামী বছর থেকে আমরা চাষ থেকে বিরত থাকব বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হক বলেন, ‘উপজেলা পরিষদ থেকে ইজারা দেওয়া হয়েছে কি না, বিষয়টি আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান খান বলেন, নদী ইজারা দেওয়ার প্রশ্নই ওঠে না। ওখানে অবৈধভাবে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।