
দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর সীমান্ত দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনা নদী থেকে ৮-১০ বছর ধরে শ্যালোচালিত যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীতে ইতিমধ্যে শতাধিক বিঘা ফসলি জমি বিলীন হয়েছে। গ্রামীণ রাস্তার কোনো কোনো স্থান দেব যাচ্ছে। এতে নদীতে বিলীনের হুমকি রয়েছে রাস্তা। এ ছাড়া ভেঙে পড়ছে পানি নিষ্কাশনের ব্যবস্থাও।
এলাকার কয়েকজন বাসিন্দা ও হাকিমপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর ও মাধবপাড়া গ্রামের ৫০০ গজ পশ্চিমে শাখা যমুনা নদী থেকে যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। ট্রাক্টরে করে সেসব বালু বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বালু পরিবহনের ফলে মংলা-কাটলা সড়ক, মাধবপাড়া গ্রামের ভেতরের সড়ক ভেঙে গেছে। নদীটির পূর্ব দিকে খট্টামাধবপাড়া ইউনিয়ন ও পশ্চিম দিকে বিরামপুরের কাটলা ইউনিয়ন। ইজারা নিয়ে ওই দুটি স্থান থেকে বালু তুলছেন নয়ানগর গ্রামের মিজানুর রহমান।
সরেজমিনে গত বুধবার দুপুর ১২টার দিকে নয়ানগর ঘাটে গিয়ে দেখা যায়, ইজারাদারের লোকজন নদীর মাঝে শ্যালো বসিয়ে বালু তুলছেন। সেখানে রয়েছে বিরামপুর-হাকিমপুরের দুই ইউনিয়নের লোকজনের পারাপারের ঘাট। ঘাটের ইজারাদার নাসির উদ্দিন বলেন, প্রায় ১০ বছর ধরে ওই এলাকা থেকে বালু তোলা হচ্ছে। তবে তিন-চার বছর ধরে মিজানুর বালু তুলছেন। এর আগে অন্য ইজারাদারেরা বালু তুলতেন। বালু তোলায় নদীটির পশ্চিম দিকের পাড় ভাঙতে ভাঙতে প্রায় ৫০০ গজ সরে এসেছে। এ ছাড়া মংলা-কাটলা সড়কের মাধবপাড়া গ্রামের সড়কটি দুই-তিন হাত দেবে গেছে। সড়কের পাশের পানি নিষ্কাশনের ব্যবস্থাও ভেঙে পড়েছে।
কাটলা ইউনিয়নের চৌঘুরিয়া গ্রামের রেহানা পারভীন বলেন, বালু তোলায় নদীটির বিভিন্ন স্থানে গভীর খাদের সৃষ্টি হয়েছে। তিন বছর আগে সেই খাদে পড়ে এক শিশু মারাও যায়। ওই গ্রামের আবু সাইদ, রামচন্দ্রপুর গ্রামের জুয়েল মিয়া, খট্টামাধবপাড়ার হাসান বাবুসহ আরও কয়েকজন বলেন, নদীভাঙনে আবু সাইদের দুই একর, সামছুল হকের ১০ কাঠা, নাসির উদ্দিনের দুই বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া নদীতে অনেক লোকের আরও শতাধিক বিঘা জমি বিলীন হয়েছে। এ বিষয়ে কয়েক বছর ধরে তাঁরা স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। উল্টো ইজারাদার তাঁদের নানা ধরনের হুমকি দিচ্ছেন।
মাধবপাড়া গ্রামের পাশে নদীর তীরে গিয়ে দেখা যায়, সেখানে তোলা বালু নিতে এসেছেন ট্রাক্টরচালকেরা। এ সময় কয়েকজন ট্রাক্টরচালক বলেন, তাঁরা বালু ৫০০ টাকা ও রাবিশ ৩০০ টাকা করে কেনেন। হিলিতে প্রতি ট্রাক্টর বালু ১ হাজার ২০০ টাকা ও রাবিশ ৭০০ টাকা দরে বিক্রি করেন। প্রতিদিন ৫০ থেকে ৬০টি ট্রাক্টর বালু ও রাবিশ নিতে আসে। প্রতিটি ট্রাক্টর অন্তত তিনবার করে বালু ও রাবিশ নিয়ে যায়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না।
জানতে চাইলে খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংসদ শিবলী সাদিক তাঁকে বালু উত্তোলনের যন্ত্র জব্দ করতে বলেন। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের সাহায্য চেয়েছেন। কিন্তু প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় সেগুলো জব্দ করা হয়নি।
জানতে চাইলে ঠিকাদার মিজানুর গত বুধবার মুঠোফোনে প্রথম আলোরকাছে দাবি করেন, তিনি প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়ে বালু তুলছেন। জেলা প্রশাসনের লোকজন তাঁকে জানিয়েছেন, প্রথম শ্রেণির ঠিকাদার যন্ত্র দিয়ে বালু তুলতে পারবেন। তাই তিনি তুলছেন।
জানতে চাইলে হাকিমপুরের ইউএনও মোছা. শুকরিয়া পারভীন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, হাকিমপুরে কাউকেই যন্ত্র দিয়ে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।