নদীতে বিষ দিয়ে মাছ চুরি
কুমিল্লার দাউদকান্দির কালাডুমুর নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে একদল দুষ্কৃতকারী। গত বুধবার রাতে বিষ প্রয়োগ করে এরা প্রায় অর্ধকোটি টাকার মাছ চুরি করে নিয়ে যায়।
এভাবে মাছ শিকার করায় প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং পরিবেশ দূষিত হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসী প্রশাসনের কাছে এভাবে মাছ নিধন বন্ধ করতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কালাডুমুর নদীর আদমপুর এলাকায় মরা মাছ ভেসে থাকতে দেখা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালাডুমুর নদীর উৎসমুখ দাউদকান্দি উপজেলার গৌরীপুর গোমতী নদীর সংযোগস্থল থেকে উপজেলার বীটমান পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় বিষ প্রয়োগ করে টেংরা, বোয়াল, শৈল, গজার, টাকি, কই, শিং, পুঁটি, মলা, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয়েছে। গত বুধবার রাত ১২টার পর একদল দুষ্কৃতকারী এভাবে মাছ ধরে নিয়ে যায়। সকালে নদীতে কিছু মরা মাছ ভেসে উঠলে এলাকাবাসীর সন্দেহ হয়। অতিরিক্ত মুনাফার আশায় দুষ্কৃতকারীরা প্রায় ১০ বছর ধরে কার্তিক মাসের শেষ অথবা অগ্রহায়ণ মাসের প্রথম দিকে নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যাচ্ছে।
আদমপুর গ্রামের মতিন সৈকত বলেন, বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট সময় নদীতে বিষ দিয়ে এভাবে মাছ চুরি করায় এলাকাবাসীর আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বুধবার রাতে দুষ্কৃতকারীরা প্রায় অর্ধকোটি টাকার মাছ ধরে নিয়ে গেছে।
ইউএনও মো. আসাদুজ্জামান জানান, কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।