নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতামুহুরী নদীতে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকার করেছে দুর্বৃত্তরা। এভাবে নদীতে কীটনাশক প্রয়োগ করা হলে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর ও মাঝেরফাঁড়িসহ বিভিন্ন এলাকায় মাতামুহুরী নদীতে মরা চিংড়ি মাছ ভেসে উঠতে দেখা যায়। এরপর স্থানীয় লোকজন ও জেলেরা মরা মাছ সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে বান্দরবানের লামা উপজেলার মিঝরি এলাকায় মাতামুহুরী নদীতে কীটনাশক প্রয়োগ করে দুর্বৃত্তরা। এরপর মাছ মরতে শুরু করে। পরে নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে দুর্বৃত্তরা মাছ ধরে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন নদীর তীরে গিয়ে কীটনাশক প্রয়োগের বিষয়টি বুঝতে পারেন।
স্থানীয় সূত্র জানায়, মিঝরি এলাকা থেকে মাতামুহুরী নদীর নিচের অংশ চকরিয়া উপজেলার মানিকপুর পর্যন্ত অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় কীটনাশক ছড়িয়ে পড়ে। এতে ওই পাঁচ কিলোমিটার অংশের বিভিন্ন পয়েন্টে মরা মাছ ভেসে ওঠে। এসব মরা মাছ ধরতে গতকাল ভোর থেকে স্থানীয় লোকজন মশারি জাল নিয়ে নদীতে নেমে পড়ে। নদীর পানি বিষাক্ত হয়ে পড়ায় নদীকেন্দ্রিক জনগোষ্ঠীর দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে।
মানিকপুর এলাকার ব্যবসায়ী নুরুল হুদা প্রথম আলোকে বলেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে একশ্রেণির মাছশিকারি নদীতে বিষ প্রয়োগ করে মাছ মারছেন। এসব মাছশিকারির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তাঁরা প্রতিবছর নদীতে বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়ে চলেছেন।
চকরিয়ায় পরিবেশ নিয়ে কাজ করা ইউএসএইডের ক্রেল প্রকল্পের সমন্বয়কারী আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, মাছ শিকার করতে নদীতে এভাবে বিষ প্রয়োগ করা হলে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। মাছের প্রজননক্ষেত্র ধ্বংস হয়ে মাছশূন্য হয়ে পড়বে নদী।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, মাতামুহুরী নদীর পাঁচ কিলোমিটার এলাকার পানি বিষাক্ত হয়ে গেছে। চিংড়ি, বাইলা মাছসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ ভেসে উঠছে। বিষয়টি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘বিষ প্রয়োগের ঘটনাটি ঘটানো হয়েছে লামা উপজেলায়। কিন্তু প্রভাব পড়েছে আমাদের চকরিয়া উপজেলায়। তবে আমাদের এলাকায় যাতে কেউ এ রকম ঘটনা ঘটাতে না পারে, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করা হয়েছে। তিন মাস ধরে নদীতে নজরদারি করা হচ্ছে।’
মৎস্য অধিদপ্তরের চকরিয়া কার্যালয়ের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, নদীতে বিষ প্রয়োগকারীদের নাম বের করা সম্ভব হয় না। স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন হয়ে বিষ প্রয়োগকারী শনাক্ত করতে হবে। তারপর বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।