নদীতে বেড়া দিয়ে মাছ নিধন

রাজশাহীর বাগমারা উপজেলায় বারানই নদ ও ফকিন্নী নদীতে বাঁশের বেড়া দিয়ে সুতিজাল দিয়ে অবাধে মাছ নিধন করছে প্রভাবশালী চক্র। এতে মা-মাছ ও পোনাসহ সব ধরনের মাছ ধরা পড়ছে। এভাবে মাছ ধরায় বিপাকে পড়েছেন সাধারণ জেলেরা।
এলাকার কয়েকজন মৎস্যজীবী জানান, বারানই নদ ও ফকিন্নী নদীতে বর্ষা মৌসুমের শুরুতে বাঁশের বেড়া দেওয়া হয়। বর্ষার শুরুর দিকে দুটি স্থানের বেড়া অপসারণ করা হয়েছে। কিন্তু আরও দুটি স্থানে বেড়া দিয়ে মাছ নিধন করা হচ্ছে।
গত ৩০ অক্টোবর উপজেলার পীরগঞ্জে ফকিন্নী নদী ও মাদারীগঞ্জের বারানই নদে গিয়ে দেখা যায়, বাঁশের বেড়া নির্মাণ করে পানির স্রোত বাড়িয়ে তার মুখে স্থাপন করা হয়েছে একধরনের সুতিজাল। যাতে আটকা পড়ছে শামুক, ঝিনুক, রেণু, মা-মাছসহ সব ধরনের মাছ। বেড়া দিয়ে পানির স্বাভাবিক গতিও থামানো হয়েছে। বেড়ার মাঝখানে যে পরিমাণ ফাঁকা জায়গা রাখা হয়েছে, তার মধ্য দিয়ে নৌকা চলাচল করছে। তবে ওই ফাঁকা জায়গা দিয়ে বড় ও মালবোঝাই নৌকা চলাচল বাধাগ্রস্ত হয় বলে ভুক্তভোগী নৌকাচালকেরা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা মৎস্য কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছোট মাছ ধরা নিষিদ্ধ। তবে বেড়া স্থাপনকারীরা তা অমান্য করে সুতিজালের সাহায্যে অবাধে সব ধরনের মাছ ধরছেন। এতে সাধারণ জেলেরা বিপাকে পড়ছেন। কারণ, বেড়ার কারণে তাঁদের জাল পর্যন্ত মাছ আসতে পারছে না।
জেলে নিতাই, মকবুল ও নারায়ণ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নদীতে বেড়া ও সুতিজাল দিয়ে মাছ ধরায় আমরা তেমন মাছ পাচ্ছি না। সব মাছ তাঁদের জালে আটকা পড়ছে। ফাঁকফোকর দিয়ে যে মাছ আসছে, তার কিছু অংশ আমরা ধরতে পারছি। এসব বেড়া ও সুতিজালের কারণে কয়েক বছর ধরে আমরা কষ্টে আছি।’
তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মৎস্যজীবী জানান, পীরগঞ্জে কাবিল হোসেন ও মাদারীগঞ্জে মন্টু হাওলাদার বেড়া ও সুতিজাল দিয়ে মাছ ধরছেন। তাঁরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বেড়া অপসারণ করা হয়নি। প্রতিবছর তাঁরা একই পদ্ধতিতে মাছ শিকার করছেন। কাবিল হোসেন নিজেকে প্রভাবশালী দাবি না করে বলেন, ‘আমি গরিব মানুষ, পেটের দায়ে সুতিজাল দিয়ে মাছ ধরছি।’ মন্টু হাওলাদার কয়েক বছর ধরে বেড়া নির্মাণ ও সুতিজাল দিয়ে মাছ শিকারের কথা স্বীকার করেন। নদীতে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সুতিজাল দিয়ে মাছ ধরা অপরাধ বলেও তিনি স্বীকার করেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসানের সঙ্গে ৩০ অক্টোবর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, কয়েক দিনের মধ্যে ওই সব বেড়া উচ্ছেদ করা হবে। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত তা উচ্ছেদ করা হয়নি।