নদীতে ভেসে উঠল শিক্ষকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাগডোকরা নদীতে ভেসে উঠল মাদ্রাসাশিক্ষকের মরদেহ। আজ শুক্রবার ভোরে বালাডাঙ্গা ঈদগাহ ময়দান দাখিল মাদ্রাসার সহকারী সুপার আবুল কালাম আজাদের (৫৫) মরদেহ নদীতে ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদের ছেলে সুজন (১৪) জানায়, তার বাবা গতকাল বৃহস্পতিবার দুপুরে জমির ফসল দেখতে খেতে যান। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। খোঁজাখুঁজি করেও কোথায় পাওয়া যায়নি তাঁকে। বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হেলাল চৌধুরী বলেন, দক্ষিণ সোনাখুলী মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ওই শিক্ষক ছিলেন অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।