নদীতে ভেসে এল অজ্ঞাত লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর মহল্লার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, সকালে নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, স্থানীয় লোকজন কেউ লাশটি শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, লাশটি ভারত থেকে পদ্মা নদী হয়ে ভাসতে ভাসতে এখানে এসেছে। এর এক দিন আগে দুটি মহিষ ভেসে এসেছিল। লাশের কোনো পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।