নদীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, একজন নিখোঁজ
পটুয়াখালীর বাউফল উপজেলায় নদীতে মাছ ধরা নিয়ে গতকাল বৃহস্পতিবার জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। নদীতে পড়ে সমীর সিকদার (৩৫) নামের এক জেলে নিখোঁজ আছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে লোহালিয়া নদীর কারখানা ও বরিশালের বাকেরগঞ্জের কবাই অংশে মাছ ধরা নিয়ে কবাই এলাকার জেলে সমীর সিকদার ও বাউফলের পাকডাল গ্রামের জেলে লিটন হাওলাদারপক্ষের লোকজনদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় বইঠার আঘাতে সমীর আহত হন। এরপর তিনি নদীতে পড়ে যান৷ বিকেল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সংঘর্ষে লিটন, নান্নু, সবুজসহ কমপক্ষে পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সবুজকে (৩৮) আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার ও বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।